লাইভে আজ গান শোনাবেন সুস্মিতা সেন

শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে সুস্মিতা সেনের দুটি নতুন সংগীতচিত্র। এর একটি রবীন্দ্রসংগীত ‘সেই ভালো সেই ভালো’, আরেকটি তাঁর মৌলিক গান ‘তোমার আকাশে একটাই সূর্য আমি’। প্রথম আলোর ফেসবুক লাইভ ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে আজ গাইবেন সুস্মিতা সেন।

সুস্মিতা সেনসংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গানে গানে কাটছে সুস্মিতা সেনের জীবন। করোনায় ঘরে বসেই গান করছেন তিনি। আজ রাতে প্রথম আলোর ফেসবুক লাইভে গান শোনাবেন এই শিল্পী।

প্রথম আলোর করোনাকালের আয়োজন ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে গাইবেন সুস্মিতা সেন। আজ রাত সাড়ে ১০টায় প্রথম আলোর ফেসবুক পেজে সরাসরি গান শোনা যাবে তাঁর কণ্ঠে। তিনি শোনাবেন আলাউদ্দীন আলীর সুর করা গান। সেগুলোর মধ্যে রয়েছে ‘হারানো দিনের মতো হারিয়ে গেছ তুমি’, ‘শত জনমের স্বপ্ন তুমি’, ‘দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়’, ‘পারি না ভুলে যেতে’ এবং ‘শেষ করো না শুরুতে খেলা’ গানগুলো। শিল্পী বলেন, ‘সম্প্রতি প্রয়াত সুরস্রষ্টা আলাউদ্দীন আলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর সুরারোপিত গানগুলো শোনানোর জন্য বেছে নিয়েছি। আশা করি শ্রোতাদের মন্দ লাগবে না।’

সুস্মিতা সেন
সংগৃহীত

শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে সুস্মিতা সেনের দুটি নতুন সংগীতচিত্র। এর একটি রবীন্দ্রসংগীত ‘সেই ভালো সেই ভালো’, আরেকটি তাঁর মৌলিক গান ‘তোমার আকাশে একটাই সূর্য আমি’। মৌলিক গানটির সংগীতায়োজন করেছেন পল্লব সান্যাল। নিজের সাম্প্রতিক কাজ প্রসঙ্গে সুস্মিতা সেন বলেন, ‘সম্প্রতি মুরাদ ভাইয়ের “আমি আগের ঠিকানায় আছি” গানটি নতুন করে গেয়েছি। পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা মিউজিশিয়ানদের বেয়ন্ড দ্য বর্ডার ব্যান্ড একটি ট্র্যাক করে দিয়েছিল। সেটার সঙ্গে গানটি করেছি। গানটি থেকে বেশ সাড়া পাচ্ছি। শ্রোতাদের ভালো লেগেছে দেখে খুব অনুপ্রাণিত হচ্ছি।’

নিয়ম করে রেওয়াজ করছেন সুস্মিতা। করোনার আগে রেওয়াজের অংশ হিসেবে কয়েকজন শিক্ষার্থীকে গান শেখাতেন তিনি। করোনায় সেটাও আপাতত বন্ধ। এমনকি বন্ধ টেলিভিশনে গান করা। তবে গান থেমে নেই। সম্প্রতি নিজের একটি পুরোনো গান নতুন করে সংগীতায়োজন করেছেন। ‘তুমি একটা দুপুর দাও’ শিরোনামে সেই গানটির একটি সংগীতচিত্র ধারণ করা হয়েছে মোবাইলে। কবির বকুলের লেখা, বিজয় মামুনের সুরে নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন গৌতম মল্লিক। এ গান নিয়ে শিল্পী বলেন, ‘গানটি ৫–৬ বছর আগে একটি মিশ্র অ্যালবামে প্রকাশিত হয়েছিল। পরে মনে হলো আরেকটু ভালো করে সংগীতায়োজন করে দেখি কেমন হয়। সেটা করে দেখলাম বেশ ভালো লাগছে। মোবাইলে গানটির ভিডিওগ্রাফি করেছেন দিপু মাহমুদ।’

সুস্মিতা সেন গান শেখা শুরু করেন চার বছর বয়সে। শিল্পী হিসেবে পেশাদার জীবন শুরু হয় আজ থেকে ২৪ বছর আগে। তাঁর হাতেখড়ি ওস্তাদ রামলাল দাসের কাছে। পরে ওস্তাদ গোপাল চন্দ্র দাস, আবিদ হোসেন ও পণ্ডিত পুলক ভট্টাচার্যের কাছেও শিখেছেন। শাস্ত্রীয় সংগীতের শিল্পী হলেও নজরুল ও রবীন্দ্রসংগীতের পাশাপাশি আধুনিক গান করেন এই শিল্পী। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে আধুনিক শিল্পী হিসেবেই তাঁর তালিকাভুক্তি। এ ছাড়া উর্দু ও হিন্দি গজলও করেছেন তিনি। ক্যাসেটের যুগে প্রকাশিত হয়েছিল বেশ কিছু অ্যালবাম। প্লেব্যাকও করেছেন সুস্মিতা সেন। মনির খানের সঙ্গে ‘ঢাকাইয়া মাস্তান’ ছবিতে গেয়েছিলেন ‘আর তো নেই কোনো রেড সিগন্যাল’ গানটি।