লাকী আখান্দের জন্য দুই দিনের কনসার্ট

কিংবদন্তি সংগীতশিল্পী লাকী আখান্দের সম্মানে দুই দিনের কনসার্টের আয়োজন করা হয়েছে। ১৬ ও ১৭ আগস্ট এ কনসার্টে দিনব্যাপী গান করবে ঢাকার প্রায় ৩০টি ব্যান্ড দল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী কেন্দ্রের (টিএসসি) এই কনসার্টে যোগ দেওয়া সংগীতপ্রেমীরা লাকী আখান্দের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিতে পারবেন।
কণ্ঠশিল্পী, সুরকার, সংগীত পরিচালক ও মুক্তিযোদ্ধা লাকী আখান্দ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে শয্যাশায়ী। তাঁর চিকিৎসার জন্য ভক্ত-অনুরাগীদের এগিয়ে আসতে ‘ট্রিবিউট টু স্যার লাকী আখান্দ’ কনসার্টের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি। সবার প্রত্যাশা, সুচিকিৎসা মাধ্যমে সুস্থ হয়ে তিনি আবারও সবার মাঝে ফিরে আসবেন।
কালজয়ী সুরস্রষ্টা লাকী আখান্দের চিকিৎসার তহবিল সংগ্রহের এই কনসার্টে গাইবে এই সময়ের জনপ্রিয় ব্যান্ডগুলো। প্রথম দিন সন্ধ্যায় গাইবে শিল্পী তাহসানের দল ‘তাহসান দ্য ব্যান্ড’। দুই দিনে অংশ নেওয়া অন্য ব্যান্ডগুলো হলো আর্বোভাইরাস, অ্যাভয়েড রাফা, ওল্ড স্কুল, অ্যাশেজ, সহজিয়া, চাতক, ওয়ারসাইট, দুর্গ, অর্জন, হ্যাশ, নিউ সোনার বাংলা সার্কাস, চাতক, আনস্পেসিফাইড, এক্সেনেমি, আপেক্ষিক, অর্ব অব উইন্টার, অ্যাক্রিড, অজ্ঞাতনামা, মানব, অসৃক, ঢাকা ১২০৭, রোদ, ইকুয়েশন, স্ক্রিচ, ফ্রিড, নীল নকশা, স্কিলড ও রেডিয়েশন। এ ছাড়া আরও অংশ নেবে ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটি।
‘ট্রিবিউট টু স্যার লাকী আখান্দ’-এর সমন্বয়কারী আবদুল্লাহ আল ইমরান প্রথম আলোকে জানান, ‘দুর্গ’ ব্যান্ডদলটি প্রথম এই আইডিয়া নিয়ে কাজের প্রস্তাব দেয়। এরপরই তাঁরা একসঙ্গে কাজে নেমে পড়েন। ঢাবি ব্যান্ড সোসাইটির স্বেচ্ছাসেবী দল বিশ্ববিদ্যালয় এলাকা ও এর আশপাশ থেকে লাকী আখন্দের জন্য সাহায্য সংগ্রহ করবে। ক্যাম্পাসের জ্যেষ্ঠ ও প্রাক্তন শিক্ষার্থীরাও তাঁদের সঙ্গে একাত্ম হতে পারবেন। কনসার্ট দেখতে ৫০ টাকা থেকে শুরু করে যেকোনো অঙ্কের টাকা অর্থ সাহায্য দিয়ে কনসার্ট উপভোগ করতে পারবেন যে কেউ। আলাদা করে টিকিটের ব্যবস্থা থাকবে না। ইমরান বলেন, ‘আমরা চেষ্টা করব ন্যূনতম ১০ লাখ টাকা সংগ্রহ করে শিল্পীর পরিবারের হাতে তুলে দিতে।’
বেশ কিছুদিন আগে লাকী আখান্দ্কে হাসপাতালে ভর্তি করা হয়। দেওয়া হয় কেমোথেরাপি। এরপর তিনি মেরুদণ্ডের ব্যথায় আক্রান্ত হন। ছয় মাসের চিকিৎসা শেষে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ২৫ মার্চ দেশে ফেরেন শিল্পী। কেমোথেরাপি নেওয়ার পর শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছিল তাঁর। এ বছরের জুনে আবারও কেমোথেরাপির জন্য ব্যাংকক যাওয়ার কথা ছিল। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী লাকী আখান্দ্কে সেখানকার হাসপাতালে নিয়ে আরও পাঁচটি কেমো দেওয়ার কথা ছিল। বিশেষ সূত্রে জানা যায়, মূলত আর্থিক সংকটের কারণেই চিকিৎসা থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন এই কিংবদন্তি শিল্পী।