লাকী আখান্দের পাশে প্রধানমন্ত্রী

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চিকিৎসাধীন সংগীতকার লাকী আখান্দের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চিকিৎসার জন্য এই সুরস্রষ্টাকে পাঁচ লাখ টাকা সহায়তা দিয়েছেন।
গতকাল বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, সহায়তার অর্থ পরিবারের কাছে আজই পাঠিয়ে দেওয়া হবে। তিনি আরও বলেন, রাজনীতির বাইরেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের শিল্প ও সংস্কৃতিজগতের সবার প্রতি অনেক বেশি আন্তরিক। এটা সবাই জানেন যে তাঁদের দুঃখ-কষ্ট প্রধানমন্ত্রীকে বরাবরই স্পর্শ করেছে। এবার লাকী আখান্দের অসুস্থতার খবরটি জেনে তাঁর পাশে দাঁড়ানোর ব্যাপারেও উদ্যোগ নেন তিনি। গুরুতর অসুস্থ হলে ১ সেপ্টেম্বর লাকী আখান্দ্কে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়। তাঁর উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ১০ সেপ্টেম্বর ব্যাংকক নেওয়া হয়।