লাকীর জন্য শিল্পীরা

‘লাকী ভাইয়ের পাশে আমরা আমাদের মত করে দাঁড়াতে চাই। কিন্তু এ মুহূর্তে কনসার্ট করে তহবিল গঠন করার মত পরিস্থিতি কিংবা সময়ও নেই। অনুমতিও মিলবে না। তাই আমরা ঠিক করেছি টেলিভিশনে সরাসরি গানের আয়োজন আশ্রয় করে আমরা প্রিয় লাকী ভাইয়ের পাশে দাঁড়াব।’
বলছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী ফোয়াদ নাসের বাবু। প্রথম আলোকে তিনি জানান, গতকাল সোমবার সন্ধ্যায় ব্যান্ডসংগীত-সংশ্লিষ্ট কয়েকজনকে নিয়ে একটি অনির্ধারিত সভায় বসেছিলেন। সেখানেই এ সিদ্ধান্ত হয়।
সভায় ফোয়াদ নাসের ছাড়াও আরও উপস্থিত ছিলেন ব্যান্ড তারকা ওয়ারফেজ ব্যান্ডের টিপু, পেন্টাগনের সুমন, আর্কের মোরশেদ, কুল এক্সপোজারের এরশাদুল হক টিংকুসহ আরও কয়েকজন। মঙ্গলবার যখন এ প্রসঙ্গে কথা হচ্ছিল, তখন এ উদ্যোগের প্রস্তাব নিয়ে কুল এক্সপোজারের টিংকু বিভিন্ন টেলিভিশন চ্যানেল কর্তৃপক্ষের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি বলেন, ‘সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী ব্যান্ডদলগুলো বিভিন্ন টেলিভিশনে সরাসরি গানের অনুষ্ঠানে অংশ নেবে। কোন দল কোন সম্মানী নেবে না। এই অর্থটি লাকী ভাইয়ের চিকিৎসা সহায়তায় দেওয়া হবে। এখন আমরা চাইছি ব্যান্ডের পাশাপাশি একক শিল্পীরা এ উদ্যোগের সঙ্গে শরিক হোন। পাশাপাশি টেলিভিশন চ্যানেলগুলোকে আমরা প্রস্তাব দেব, শিল্পীদের সম্মানীর সঙ্গে তারা নিজেরা যেন বাড়তি অর্থ যোগ করেন। এতে একটা সত্যিকারভাবে সম্মানজনক পরিমাণ অর্থ হবে। এখানে স্পনসরের সহযোগিতাও তাঁরা নিতে পারেন। তবে শিল্পীরা কোনো স্বার্থ ছাড়াই এ উদ্যোগের সঙ্গে থাকবে।’
জানা গেছে, আজ মঙ্গলবার থেকে বিভিন্ন চ্যানেলে প্রস্তাব নিয়ে যাবেন শিল্পীরা। পরিকল্পনায় আছে প্রাথমিকভাবে আগামী এক মাসে শিল্পীরা ২০টি অনুষ্ঠান করবে টেলিভিশনে। এবং এ কর্মসূচি চলতে থাকবে। ভবিষ্যতে অন্য শিল্পীদের জন্য এমন উদ্যোগ নেওয়া হবে।
জনপ্রিয় সংগীত শিল্পী লাকী আখান্দ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালের চিকিৎসা নিয়ে বর্তমানে রাজধানী গুলশান এলাকার ইউনাইটেড হাসপাতাল ভর্তি আছেন। গত রোববার তাঁকে একটি ক্যামো থেরাপি দেওয়া হয়েছে। যে কারণে বর্তমানে দূর্বলতাসহ বেশ কিছু জটিলতায় ভুগছেন। চিকিৎসাধীন লাকী আখান্দের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজের উন্নত চিকিৎসা এবং চিকিৎসার খরচ ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার একান্ত ভক্তদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, মনেপ্রাণে ভক্তরা যদি আমাকে সহযোগিতা করেন, তবে সেটা আমার খারাপ লাগবে না। বরং মনে করব তারা আমার বিপদে পাশে দাঁড়িয়েছেন। লাকী আখান্দ আশা করেন তিনি আবারও গানের ভুবনে ফিরে আসতে পারবেন।