লাকীর সম্মানে কাজী হাবলু


বন্ধু হ্যাপি আখান্দের বড় ভাই লাকী আখান্দ্, সেই সুবাদে তিনি কাজী হাবলুরও বড় ভাই। ব্যান্ডসংগীত পরিবারের জ্যেষ্ঠ সদস্য ও কিংবদন্তি সুরকার লাকী আখান্দের সম্মানে একটি উদ্যোগ নিয়েছেন তাঁর অনুগত ভক্ত সুরকার কাজী হাবলু। তাঁরই সুরে লাকী আখান্দ্ গেয়েছিলেন ‘বারে বারে আমি বলেছি ভালোবাসি’ গানটি। এই গান নিয়ে প্রস্তুত হচ্ছে একটি অ্যালবাম। গানটির শিরোনামে অ্যালবামের নাম রাখা হয়েছে মুছে ফেলো না মন থেকে।
‘১৯৭২ সালের শেষ দিকে লাকী ভাইয়ের সঙ্গে আমার পরিচয়। তাঁর জন্য আমাকে গান করতে বলেছিলেন লাকী ভাই। তিনি সাধারণত অন্যের গান গাইতেন না। আমার পরম সৌভাগ্য যে ২০১২ সালে তিনি আমার একটা গান গেয়েছিলেন।’ গতকাল মঙ্গলবার বিকেলে মুঠোফোনে বললেন কাজী হাবলু।
হাবলু জানালেন, অ্যালবামের প্রস্তুতি প্রায় শেষ। তাতে গেয়েছেন লাকীর প্রিয় কয়েকজন শিল্পী। তাঁরা হলেন শাকিলা জাফর, সামিনা চৌধুরী, রুমানা ইসলাম, নাসিমা শাহীন, মিলিয়া ইসলাম, নাশিদ কামাল। তাঁদের মধ্যে একমাত্র পুরুষ কণ্ঠশিল্পী লাকী আখান্দ্। টেলিভিশনের জন্য করা হয়েছিল এই গানগুলো। বিচ্ছিন্নভাবে প্রকাশও হয়েছিল। গানগুলোর সুর করেছেন কাজী হাবলু। সিডি ছাড়াও সেগুলো পাওয়া যাবে অনলাইনে।