লাতিন ব্যান্ডের সঙ্গে অন্য চিরকুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চিরকুট ব্যান্ডের সদস্যরা
চিরকুট ব্যান্ডের সদস্যরা

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গানের দল চিরকুটের পদচারণ অনেক আগেই হয়েছে। এবার ব্যান্ডটি লাতিন আমেরিকার জনপ্রিয় গানের দল টেয়োন্টিফোর আওয়ার্সের সঙ্গে যৌথভাবে একটি গান তৈরি করল। ‘অন্তরে বাহিরে’ শিরোনামে চিরকুটের বাংলা এই গানের সঙ্গে টোয়েন্টিফোর আওয়ার্স যুক্ত হয়েছে স্প্যানিশ ভাষা দিয়ে। তারা স্প্যানিশ ভাষায় গেয়েছে গানটির কিছু অংশ।
‘অন্তরে বাহিরে’ গানটি রবি ইয়োন্ডার মিউজিক অ্যাপে গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ব্যান্ডের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন রবি এবং ইয়োন্ডার মিউজিকের কর্মকর্তারা। ভক্তদের জন্য চিরকুট ঈদ-পরবর্তী উপহার হিসেবে গানটি প্রকাশ করেছে। গানটির কথা লিখেছেন চিরকুট ব্যান্ডের সদস্য শারমীন সুলতানা সুমী। আর সুর ও সংগীত পরিচালনা করেছে চিরকুট।
সংবাদ সম্মেলনে চিরকুটের সদস্যরা ‘অন্তরে বাহিরে’ গানটি উপস্থিত অতিথিদের সামনে গেয়ে শোনান। এর আগে ভিডিওবার্তার মাধ্যমে গানটিতে চিরকুটের সঙ্গে যুক্ত হওয়া নিয়ে এবং চিরকুটের কাজ নিয়ে মুগ্ধতার কথা জানান টোয়েন্টিফোর আওয়ার্স ব্যান্ডের সদস্যরা। তাঁরা বলেন, চিরকুটের সঙ্গে একই গানে কণ্ঠ দিতে পেরে তাঁরা আনন্দিত। তাঁদের ইচ্ছে আছে বাংলাদেশে আসার।
নতুন গানের একটি ভিডিও অনুষ্ঠানে প্রদর্শন করা হয়। এতে চিরকুটের সদস্যদের পাশাপাশি টোয়েন্টিফোর আওয়ার্স ব্যান্ডের সদস্যরাও অংশ নিয়েছেন।
মাস তিনেক আগে ব্যান্ড চিরকুট যুক্তরাষ্ট্রের টেক্সাসের অস্টিন শহরে সাউথ বাই সাউথওয়েস্ট (এসএক্সএসডব্লিউ) উৎসবে গান করতে যায়। কনসার্টের ফাঁকে সে সময়ই তাঁরা এ গানটি ধারণ করেছিলেন। গানটির প্রযোজক হিসেবে কাজ করেছেন বিখ্যাত সংগীতশিল্পী জোহান অ্যালকোভার। সমন্বয়ক হিসেবে ছিলেন অ্যাঞ্জেল ডি সুজা। তিনি শাকিরা, কোল্ডপ্লে, মারুন ফাইভের শিল্পী ও ব্যান্ডের সঙ্গে কাজ করেছেন।