লাবণীর 'জানিয়ে দিলাম' ইউটিউবে

অডিওর পর এবার ইউটিউবে গানের ভিডিও নিয়ে হাজির হলেন লাবণী। ডিজে রাহাত ফিচারিং এই গানের শিরোনাম ‘জানিয়ে দিলাম’। গতকাল বুধবার রাতে ইউটিউবে গানটি প্রকাশিত হয়। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার আর কোরিওগ্রাফি করেছেন নিডো খান।
সাম্প্রতিক সময়ে ডিজে রাহাত বেশ কয়েকজন তারকা শিল্পীর একক গান ও ভিডিও তৈরি করে ভালোই চমক দিয়েছেন। সেই ধারাবাহিকতায় তিনি আসছেন নতুন কণ্ঠশিল্পী নাহার লাবণীকে নিয়ে। ‘জানিয়ে দিলাম’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর করেছেন মীর মাসুম।

লাবণী বলেন, ‘গানের কথা, সুর ও সংগীতায়োজন আমার দারুণ লেগেছে। অডিও প্রকাশের পর গানটি নিয়ে অনেকে তাঁদের ভালো লাগার কথা জানিয়েছেন। সবকিছু মিলিয়ে গানটি নিয়ে আমার প্রত্যাশাও বেড়ে গেছে অনেক। সে কারণেই গানটির একটি চমৎকার ভিডিও নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গানটির শুটিং করেছি।’
‘জানিয়ে দিলাম’ গানের ভিডিওতে লাবণীর পাশাপাশি দেখা যাবে ডিজে রাহাত ও ‘হার্ড টাচ ক্রু’ গ্রুপের চারজন শিল্পীকে। চারটি অসাধারণ সেটে এই গানটির শুটিং করা হয়েছে। লাবণী বিশ্বাস করেন, ভিডিওটি তাঁর গাওয়া গানের মতোই সবার ভালো লাগবে।
গানটি প্রসঙ্গে ডিজে রাহাত বলেন, ‘লাবণী এ সময়ের সম্ভাবনাময়ী একজন গায়িকা। এ সময়ের শ্রোতাদের কথা মাথায় রেখেই তাঁর জন্য গানটি বানিয়েছি। গানের পাশাপাশি ভিডিওচিত্রটিও বেশ যত্ন নিয়ে তৈরি করা হয়েছে।’