লালন উৎসবে ফরিদা পারভীনের ক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদা পারভীন
ফরিদা পারভীন

বাউলদের অনেকেই লালনের এক গানের ভেতরে অন্য গানের কথা জুড়ে দেন। তাঁরা বুঝতে পারেন না, এতে লালনের গানের অর্থটাই বদলে যাচ্ছে। এভাবে যুগে যুগে নানাভাবে লালনের গানের ‘যথেচ্ছাচার’ হচ্ছে বলে অভিযোগ করেছেন লালনগীতির শিল্পী ফরিদা পারভীন। আক্ষেপের সুরে তিনি বলেছেন, ‘এত দিন পেরিয়ে গেল অথচ নগরজীবনে লালন সাঁইজির গান সেভাবে গ্রহণযোগ্যতা পাচ্ছে না।’
‘লালন রিসার্চ ফাউন্ডেশন’ আয়োজিত দুই দিনের লালন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কথাগুলো বলেন শিল্পী ফরিদা পারভীন। গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে এ উৎসব উদ্বোধন করেন লালন গবেষক ও শিক্ষাবিদ আনোয়ারুল করিম। বিশেষ অতিথি ছিলেন আবদুল হাকিম প্রধান। ফাউন্ডেশনের সহসভাপতি আবদুল গফুর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন লালন গবেষক আবু ইসহাক হোসেন।

‘রবীন্দ্রসংগীতে লালন প্রভাব’ নিয়ে আলোচনা করেন আনোয়ারুল করিম। তিনি বলেন, ‘রবীন্দ্রনাথ বহুবার বলেছেন, তিনি লালনের গানে প্রভাবিত হয়েছিলেন। তিনি অকপটে স্বীকার করেছেন, নিজের গানে তিনি লালনের ভাবটি গ্রহণ করেছিলেন। লালনসংগীতের অসাম্প্রদায়িক ভাবনা, শ্রেণি বিভেদের সংগ্রাম, বর্ণবৈষ্যমের বিরোধিতার বিষয়গুলো উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মের যে অংশটি জঙ্গিবাদে জড়িয়ে পড়েছে, লালনের মানবধর্মের কথা তাদের শোনাতে হবে। শোনাতে হবে লালনের গান।’ বাংলাদেশ পুনর্গঠনে রবীন্দ্র-নজরুল-জীবনানন্দের সঙ্গে লালন সাঁইজির নামটিও ‘সমানভাবে উচ্চারিত হওয়া প্রয়োজন’ বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘তিন পাগলে হলো মেলা’, ‘সময় গেলে সাধন হবে না’, ‘আমি অপার হয়ে বসে আছি’, ‘ধন্য ধন্য বলি তারে’, ‘বাড়ির পাশে আরশি নগর’, ‘পারে কে যাবি নবীর নৌকাতে আয়’, ‘মানুষ গুরুর নিষ্ঠা’, ‘জাত গেল জাত গেল’, ‘মুরশিদ জানায় যারে’, ‘খাঁচার ভিতর অচিন পাখি’, ‘কবে সাধুর চরণ ধুলি’, ‘যেখানে সাঁইর বারাম খানা’, ‘পাখি কখন যেন উড়ে যায়’, ‘রাখিলে সাঁই’ গানগুলো গেয়ে শোনান শিল্পী ফরিদা পারভীন ও অন্য শিল্পীরা।