লালনের সুরে সুরে

সময় ঠিক রাখতে পারলেন না আয়োজকেরা। বিকেল সাড়ে পাঁচটায় শুরু হওয়ার কথা ছিল, কিন্তু শুরু হলো আরও ঘণ্টা খানেক পর। ফলে, গত রোববার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর জাতীয় সংগীত ও নৃত্যকলা মিলনায়তনে উপস্থিত দর্শক-শ্রোতাদের মধ্যে ছিল অস্বস্তি।কিন্তু অনুষ্ঠানটি তো ফরিদা পারভীনের একক লালনসংগীতসন্ধ্যা। সুতরাং, তাঁর গান না শুনে দর্শক-শ্রোতা চলে যাবেন? হতেই পারে না!
অনুষ্ঠান শুরু হয়েছিল আলোচনা দিয়ে। চলল রাত আটটা পর্যন্ত। এর পরই মঞ্চে এলেন শিল্পী ফরিদা পারভীন। তিনি তো লালনকে ধারণ করছেন আত্মার আত্মীয়ের মতো। ভক্ত-অনুরাগীদের এতটুকু নিরাশ না করে লালনসংগীতের মোহনীয় সুরের আবেশ ছড়িয়ে দিলেন। শুরু করলেন, ‘আমি অপার হয়ে বসে আছি ওহে দয়াময়, পারে লয়ে যাও আমায়’ গানটি দিয়ে। বহুবার শোনা এই গান আবার শুনে মনে হলো, প্রথম শুনছি। পুরো মিলনায়তন লালনের সুরের আবেশে ভেসে গেল। ফরিদা পারভীন শ্রোতাদের মন বুঝতে পেরে সুর তুললেন ‘সত্য বল সুপথে চল ওরে আমার মন’, ‘সময় গেলে সাধন হবে না’সহ প্রায় ২০টি গান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন লালন গবেষক আবুল আহসান চৌধুরী ও সংস্কৃিতজন গোলাম কুদ্দুছ। স্বাগত বক্তব্য দেন লালন গবেষক আবদুল ওয়াহাব। সভাপতিত্ব করেন কবি আসাদ চৌধুরী। পরিবেশিত গানের তথ্য তুলে ধরেন আবু ইসহাক হোসেন।
আলোচনা পর্বে শিক্ষাবিদ আনিসুজ্জামান বলেন, ‘লালনের গানে কথা ও সুর নিয়ে বিতর্ক উঠেছে। এ বিতর্কের অবসান হওয়া উচিত।তবে এ বিতর্কের অবসান ঘটানো সহজ নয়। আমি আশা করি, ফরিদা পারভীন তাঁর গান ও লালনচর্চার মাধ্যমে এ তর্কের অবসান ঘটাবেন।’
সভাপতির বক্তব্য কবি আসাদ চৌধুরী বলেন, ‘আত্মশুদ্ধির এক অনন্য শিক্ষক লালন। স্বাভাবিক পথ চলার কথা তিনি তাঁর গানের মধ্য দিয়ে শিখিয়েছেন। সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ দূর করতে হলে মেশিনগান দিয়ে নয়, গান দিয়ে করতে হবে।