লিনকিন পার্কের বাংলাদেশের দূত হচ্ছেন জায়েদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিনকিন পার্কের স্টুডিওতে কর্মীদের সঙ্গে জায়েদ হাসান
লিনকিন পার্কের স্টুডিওতে কর্মীদের সঙ্গে জায়েদ হাসান

লিনকিন পার্ক ব্যান্ডের বাংলাদেশের দূত হতে যাচ্ছেন বাংলাদেশের তরুণ ফ্রিল্যান্স মিউজিক কম্পোজার জায়েদ হাসান। মৌখিকভাবে দলটির সঙ্গে এ নিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে ।

৭ অক্টোবর সকালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস শহরে লিনকিন পার্কের স্টুডিওতে (রেডবুল স্টুডিও) দিনব্যাপী একটি কর্মশালায় যোগ দেন জায়েদ। বিশ্বব্যাপী ‘স্টেজ লাইট মান্থলি মিউজিক কনটেস্ট’ নামে একটি মিউজিক কম্পোজিশন প্রতিযোগিতার সেরা বিজয়ী হিসেবে রেডবুল স্টুডিওতে ডাক পেয়েছেন বাংলাদেশের এই তরুণ। সেখানে লিনকিন পার্ক ব্যান্ডদলের সদস্য মাইক, ব্র্যাড, রব ও চেস্টারের সঙ্গে মিলিত হন তিনি। দিনব্যাপী জায়েদের কম্পোজ করা ‘সেইলিং থ্রো দ্য ক্লাউডস’ গানটি নিয়ে নানা নিরীক্ষা করেন এই দলের সদস্যরা। তাঁরা জায়েদকে কম্পোজিশন ও শব্দ ধারণের নানামাত্রিক কলাকৌশলও শেখান। এ ছাড়া স্টুডিওতে কিছু অডিও মাস্টারিংয়ের কাজও নিবিড়ভাবে দেখে নেওয়ার সুযোগ পান জায়েদ।

লিনকিন পার্কের স্টুডিওতে কর্মীদের সঙ্গে জায়েদ হাসান
লিনকিন পার্কের স্টুডিওতে কর্মীদের সঙ্গে জায়েদ হাসান

পুরস্কার হিসেবে রেডবুল স্টুডিওতে এক দিনের কর্মশালা ছাড়াও জায়েদ পাচ্ছেন ডেল কম্পিউটারের সৌজন্যে একটি হাইব্রিড কম্পিউটার। এর আগে প্রতিযোগিতার পুরস্কার হিসেবে তিন হাজার ডলার সমমানের শব্দধারণ যন্ত্র জায়েদকে দেন আয়োজকেরা। এ ছাড়া তাঁর যুক্তরাষ্ট্র ভ্রমণের যাবতীয় খরচ বহন করেছে লিনকিন পার্ক, ওপেন ল্যাব ও গিটার সেন্টার।
গত ৫ অক্টোবর স্থানীয় সময় রাত ১০টায় লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে অবতরণের পর জায়েদকে অভ্যর্থনা জানায় ওপেন ল্যাবের প্রতিনিধি নিকোলাস। রাতে নিকোলাসের সঙ্গে তাঁর বাসায় অবস্থান করার পরদিন সকালে হোটেলে ওঠেন বাংলাদেশি এই তরুণ। সেদিনই ওপেন ল্যাবের সঙ্গে সম্পৃক্ত হয়ে বাংলাদেশের জন্য কাজের সম্ভাব্যতা নিয়ে তাঁদের আলোচনা হয়। জায়েদ বলেন, ‘ওপেন ল্যাবের সহায়তায় বাংলাদেশের ফ্রিল্যান্স মিউজিশিয়ানদের জন্য শিগগির একটি গান বিক্রির প্ল্যাটফর্ম করা হবে।’
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১১টায় ফোনে জায়েদ বলেন, ‘রেডবুল স্টুডিওতে দিনটি ছিল আমার জীবনের সেরা একটি দিন। ওরা আমার কাজের ভীষণ প্রশংসা করেছে। মিউজিক করার জন্য যাবতীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে লিনকিন পার্ক।’

লিনকিন পার্কের স্টুডিওতে কর্মীদের সঙ্গে জায়েদ হাসান
লিনকিন পার্কের স্টুডিওতে কর্মীদের সঙ্গে জায়েদ হাসান


জায়েদ বলেন, ‘ওরা আমাকে এতটাই পছন্দ করেছে যে, বলেছে, ওদের স্টুডিওতে যেকোনো সময় আমি চলে আসতে পারি।’
বাংলাদেশে লিনকিন পার্কের অসংখ্য ভক্ত আছে জেনে আনন্দিত হন তাঁরা। দলের পিয়ানিস্ট মাইক শিনোডা তখনই জায়েদকে দলটির বাংলাদেশের দূত হওয়ার প্রস্তাব দেন।
ছোটবেলা থেকে লিনকিন পার্ক ব্যান্ডের গান শুনে অনুপ্রাণিত হয়ে গিটার বাজানো শুরু করেন জায়েদ হাসান। গত বছরের জুলাই থেকে শুরু হওয়া স্টেজ লাইট মিউজিক কনটেস্ট প্রতিযোগিতায় বিশ্বের কয়েক হাজার তরুণ কম্পোজারকে হারিয়ে বিজয়ী হন তিনি।
৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বেলা ১১টা থেকে ইউনিভার্সাল স্টুডিও এবং ওয়ার্নার মিউজিকের দপ্তর সফরে যাবেন জায়েদ। প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি তাঁদের সঙ্গে যৌথভাবে কাজ করার সম্ভাব্যতা নিয়ে আলাপ করবেন তাঁরা।