লুকোচুরি গল্প


মার্কিন গায়িকা টেলর সুইফট আর ড্রেকের মধ্যে যে আসলে কী চলছে, তা বোঝা দায়। কয়েক দিন আগে ড্রেকের ৩০তম জন্মদিনের নিমন্ত্রণ পেয়েছিলেন সুইফট। অবশ্য তিনি একা নন, সংগীত জগতের অন্য অনেক তারকাও ছিলেন সেদিনের পার্টিতে। কিন্তু সবাইকে ছাপিয়ে সুইফটের উপস্থিতি যেন ছিল সেদিন সবচেয়ে উজ্জ্বল। আর আয়োজক ড্রেকও অন্য সবার চেয়ে এই একজন অতিথির প্রতি ছিলেন বেশি মনোযোগী। সেদিনের পর বেশ কয়েকটি গণমাধ্যম তাঁদের প্রেমের গুঞ্জন প্রকাশ করে। কিন্তু পরে এই দুই তারকার কাছের কয়েকজন বন্ধু বিষয়টাকে শ্রেফ গুঞ্জন বলে উড়িয়ে দেন। এখন আবার সেই গুঞ্জনের আগুনে ঘি ঢাললেন স্বয়ং ড্রেক।
সম্প্রতি ড্রেক তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সুইফটের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। জন্মদিনের দাওয়াতে তোলা সেই ছবির শিরোনামটিও বেশ রহস্যের উদ্রেক করে। ছবিতে পাশাপাশি দাঁড়ানো দুজনের কারও মুখ দেখা যাচ্ছে না। পেছন থেকে কেউ একজন ছবিটি তুলেছেন। ড্রেক পরেছেন কালো ব্লেজার আর সুইফট একই রঙের স্কার্ট।
ছবির শিরোনাম ‘এটা কী মখমল?’ ড্রেকের এই প্রশ্ন কার উদ্দেশে করা, সেটা তিনিই ভালো জানেন। তবে, চলতি গুজবে যে তিনিই হাওয়া দিয়ে চলেছেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। দ্য ইকোনমিক টাইমস।