লোকগানের বিচারক বন্যা ও আইয়ুব বাচ্চু

এর আগেও রিয়ালিটি শোতে বিচারক হিসেবে দেখা গেছে রেজওয়ানা চৌধুরী বন্যা ও আইয়ুব বাচ্চুকে। এবার তাঁরা দুজন একসঙ্গে লোকগানের অনুষ্ঠানের বিচারকের আসনে বসতে যাচ্ছেন। লোকগান নিয়ে প্রতিযোগিতামূলক এই অনুষ্ঠানের আয়োজন করছে চ্যানেল আই। এতে প্রধান দুই বিচারক হিসেবে থাকবেন রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা ও ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু। গতকাল বুধবার দুপুরে প্রথম আলোর সঙ্গে আলাপে এমনটাই জানান অনুষ্ঠানটির প্রযোজক রেহানা সামদানী।
রেজওয়ানা চৌধুরী বন্যাও প্রথম আলোকে বিচারক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এই প্রতিযোগিতার আরেক বিচারক আইয়ুব বাচ্চু এ মুহূর্তে অস্ট্রেলিয়ায় আছেন। শো শেষে ২৭ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
বিচারক প্রসঙ্গে রেহানা সামদানী বলেন, ‘লোকগান এই প্রজন্মের কাছে আরও বেশি জনপ্রিয় করে তোলার জন্য আমাদের এই আয়োজন। আমরা অনুষ্ঠানটিতে লোকগানকে ফিউশন আকারে অন্যভাবে উপস্থাপন করব। তবে সুর-তাল অবশ্যই ঠিক রেখে। তাই লোকগান ঘরানার একেবারে বাইরে থেকে দুজন সংগীতশিল্পীকে প্রধান বিচারক হিসেবে রাখতে চেয়েছি। তবে এর বাইরেও প্রতিটি পর্বে দুজন করে লোকগানের শিল্পী অতিথি বিচারক হিসেবে অনুষ্ঠানে থাকবেন।’
লোকগান নিয়ে প্রতিযোগিতামূলক এ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য আজ বৃহস্পতিবার চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
রেহানা সামদানী বলেন, অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠানটির নাম নিবন্ধনের কাজ শুরু হবে। ঢাকা মেট্রোসহ দেশের আটটি বিভাগ থেকে লোকগানের শিল্পীরা শুরুতে ১৬০ জন প্রতিযোগী বাছাই করবেন। এরপর সেখান থেকে ৮০ জন এবং শেষে ৪৮ জনকে নিয়ে শুরু হবে টিভি অনুষ্ঠান। মোট ২৭টি পর্বে লোকগানের এ অনুষ্ঠান কার্যক্রমের প্রথম আসর শেষ হবে।