লোকসংগীত উৎসবের তিন সঞ্চালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহীন সামাদ, তপন চৌধুরী, অদিতি মহসিন
শাহীন সামাদ, তপন চৌধুরী, অদিতি মহসিন

আজ শুরু হচ্ছে ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’। এ উৎসবে সঞ্চালনা করবেন তিন জনপ্রিয় কণ্ঠশিল্পী শাহীন সামাদ, তপন চৌধুরী ও অদিতি মহসিন। মেরিল নিবেদিত তিন দিনের এ উৎসব যৌথভাবে আয়োজন করেছে মাছরাঙা টেলিভিশন ও সান ইভেন্টস। ঢাকার আর্মি স্টেডিয়ামে আয়োজিত এ উৎসবে গান করবেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড ও চীনের শিল্পীরা।
আজ অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ছয়টায়। কাল শুক্রবার ও পরশু শনিবার বিকেল পাঁচটায় অনুষ্ঠান শুরু হবে। চলবে মধ্যরাত পর্যন্ত।
উৎসবের প্রথম দিনের সঞ্চালক তপন চৌধুরী বললেন, ‘মঞ্চে গান গাওয়া ছাড়া আগেও টুকটাক অনুষ্ঠান সঞ্চালনা করেছি। তবে এবারই প্রথম এত বড় উৎসবের অনুষ্ঠান সঞ্চালনা করব। যাঁদের সব সময় শুনছি, তাঁদেরকে নিয়ে কথা বলব, শ্রদ্ধা জানাব। কাজটা আমার জন্য অনেক সম্মানের।’
উৎসবের দ্বিতীয় দিন সঞ্চালনা করবেন শাহীন সামাদ। তিনি বলেন, ‘অনেক আগে বৈশাখী টিভির একটি অনুষ্ঠান উপস্থাপনা করেছিলাম। মঞ্চে এবারই প্রথম। নিশ্চয়ই নতুন অভিজ্ঞতা হবে।’
উৎসবের শেষ দিনের অনুষ্ঠান সঞ্চালক অদিতি মহসিন। তিনি এখন মাছরাঙা টিভিতে ‘আলোর ভুবনে’ নামে একটি অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করছেন। তিনি বললেন, ‘গান করার পাশাপাশি মঞ্চে সঞ্চালনার কাজ অনেক করেছি। এবার উৎসবের শিল্পীদের সঙ্গে উপস্থিত দর্শক–শ্রোতাকে পরিচয় করিয়ে দেব।’