লোকসংগীতে সেরা শারমীন

গ্রাম-বাংলার চিরচেনা লোকগানের সুর এবার উঠে এলো নাগরিক জীবনে। বিগত ছয় মাস ধরে টেলিভিশনের পর্দায় লোকগান শুনিয়েছেন অসংখ্য তরুণ শিল্পী। আড়ং ডেইরি-চ্যানেল আইয়ের সৌজন্যে সেই গানের আসরের সেরা লোকসংগীতের শিল্পী হলেন ময়মনসিংহের শারমীন আক্তার। প্রথম রানারআপ হয়েছেন ফরিদপুরের খায়রুল ইসলাম এবং দ্বিতীয় রানারআপের খেতাব পেয়েছেন যৌথভাবে চাঁপাইনবাবগঞ্জের অনন্যা ইয়াসমিন অঙ্কন ও রাজশাহীর আল-আমিন আলী।
গতকাল শুক্রবার রাতে রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জমকালো উৎসবের আয়োজনে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম। বিজয়ী হিসেবে শারমীন পেয়েছেন নগদ ১০ লাখ টাকা। প্রথম রানারআপ খায়রুল পাঁচ লাখ এবং দ্বিতীয় রানারআপ অঙ্কন ও আল-আমিন পেয়েছেন তিন লাখ টাকা। স্বর্ণালি কণ্ঠ নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের ইলমা বিনতে বখতেয়ার। আলোকিত শিল্পী হয়েছেন ফরিদপুরের বিল্লাল হোসেন এবং উজ্জ্বল তারকা হয়েছেন ফরিদপুরের নাজমুল হাসান।
ইউনিভার্সাল ফুডের সৌজন্যে তাঁদের প্রত্যেককে দেওয়া হয় এক লাখ টাকা পুরস্কার। এ ছাড়া বিজয়ীরা পেয়েছেন ইমপ্রেস অডিও ভিশন থেকে সিডি ও ডিভিডি প্রকাশ, ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ এবং ইমপ্রেস এভিয়েশনের হেলিকপ্টারে ভ্রমণের সুযোগ। মহোৎসবে অংশ নেওয়া সাতজন প্রতিযোগীর হাতে তুলে দেওয়া হয় ‘সেরা সাতের গান’ অ্যালবাম। এতে স্থান পেয়েছে এই সাত শিল্পীর গাওয়া গানগুলো।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, কিংবদন্তি শিল্পী রুনা লায়লা, আড়ং ডেইরির পরিচালক তৌফিকুর রহমান, ইউনিভার্সেল ফুডের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন ও চ্যানেল আইয়ের পরিচালক জহিরউদ্দিন মাহমুদ মামুন। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রতিযোগিতার প্রধান দুই বিচারক রেজওয়ানা চৌধুরী বন্যা ও আইয়ুব বাচ্চু এবং অতিথি বিচারক ফোকসম্রাজ্ঞী মমতাজ।
শুরুতেই শাহ আবদুল করিমের ‘কেন পিরিতি বাড়াইলা রে বন্ধু’ গানের সঙ্গে ২০ নারী শিল্পী প্রদীপ নিয়ে মঞ্চে প্রবেশ করেন। আইয়ুব বাচ্চুর ‘সেই তুমি’ গানের সঙ্গে ৩০ জন নৃত্যশিল্পী মঞ্চে প্রবেশ করেন। এ সময় বাংলাদেশের ১২ জন বাউলশিল্পী সুফিগান পরিবেশন করেন। এরপর শুভেচ্ছা কথন। শুভেচ্ছাকথন শেষে মঞ্চে স্থাপিত বড় পর্দায় বাংলা গানের যাত্রার চুম্বক অংশ প্রদর্শিত হয়। এরপর সেরা সাতজন সম্মেলক কণ্ঠে গেয়ে শোনান আবদুল আলিমের ‘এই যে দুনিয়া কিসের লাগিয়া’ গানটি। অতিথি বিচারক মমতাজ গেয়ে শোনান হাসন রাজার ‘সোনা বন্ধে আমারে দিওয়ানা বানাইল’ গানটি।
এরপর সেরা সাত প্রতিযোগী শেষবারের মতো অনুষ্ঠান মঞ্চে গান পরিবেশন করেন। এবার মঞ্চে আসেন রুনা লায়লা। তিনি গাইলেন তাঁর গাওয়া চারটি লোকগানের মেডলি। তাঁর সঙ্গে ছয় ঢুলি, ১০ ক্ষুদে গানরাজ ও ২০ জন নৃত্যশিল্পী নৃত্য পরিবেশন করেন। এরপর সেরা সাত শিল্পী সম্মেলক কণ্ঠে গাইলেন ‘তোমার দিল কি দয়া হয় না’ গানটি। প্র্রতিযোগিতাটি পরিচালনা করেন ইজাজ খান স্বপন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিজিল মির্জা।