শচীন দেববর্মণ সংগীত উত্সব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন দেববমর্ণকে স্মরণ করে সাংস্কৃতিক সংগঠন বহ্নিশিখা আয়োজন করেছে তিন দিনের শচীন দেববর্মণ সঙ্গীত উৎসব। গতকাল শুক্রবার সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এ উত্সবের উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইটিআই বাংলাদেশ কেন্দ্রের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সভাপতি ফকির আলমগীর, ভারতের নবনালন্দা’র অধ্যক্ষ অরিজিৎ​ মিত্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শচীন দেববর্মণ সংগীত উত্সব ও নৃত্যসন্ধ্যা উদ্‌যাপন পর্ষদ-এর আহ্বায়ক এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে দলীয় সংগীত পরিবেশন করে বহ্নিশিখা। একক সঙ্গীত পরিবেশনা করেন সজিব চৌধুরী, মামুন জাহিদ খান, তানসেন রহমান, আবিদা রহমান সেতু, কলকাতার দোলা বন্দ্যোপাধ্যায়। নৃত্যালেখ্য পরিবেশন করে ভারতের কলকাতার সাংস্কৃতিক সংগঠন নবনালন্দা।
আজ শনিবার উত্সবের দ্বিতীয় দিনের আসরে একক সংগীত পরিবেশন করবেন সুবীর নন্দী, কিরণ চন্দ্র রায়, সুজিত মোস্তফা, বাবু রহমান, চন্দনা মজুমদার, পাপিয়া সারোয়ার, সন্দিপন, ত্রিপুরার রাকেশ দেববর্মণ, তনুজা দেববর্মণ ও সুব্রত দেবনাথ। নৃত্য পরিবেশন করবে স্পন্দন ও বহ্নিশিখা। আগামীকাল রবিবার শেষ দিনের পুরো আয়োজনটি থাকবে নৃত্য নিয়ে। এদিন প্রধান অতিথি থাকবেন অর্থমনন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। নৃত্যের ছন্দে সৌমিত্র ড্যান্স গ্রুপ পরিবেশন করবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সহজপাঠ’, সুকান্ত ভট্টাচার্যের ‘রানার’। নৃত্য পরিবেশন করবে বহ্নিশিখা ও ভারতের বহরমপুরের কলাক্ষেত্র।