শফিক তুহিনের সুর-সংগীতে প্রতীক

নতুন চলচ্চিত্রের সংগীত পরিচালনার কাজ শুরু করেছেন শফিক তুহিন। তুহিনের সুর ও সংগীতে এই চলচ্চিত্রে কণ্ঠ দিলেন নতুন প্রজন্মের সংগীতশিল্পী প্রতীক হাসান। সম্প্রতি গানটির রেকর্ডিং করা হয়। ‘ভুলতে পারি না তারে’ নামের এই ছবিটির পরিচালক জাকির হোসেন রাজু। এবারই প্রথম শফিক তুহিনের সুর ও সংগীতে চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন প্রতীক হাসান।
ক্যারিয়ারের শুরুতে শফিক তুহিন শুধু গীতিকার হিসেবে কাজ করতেন। এরপর গানের সুর করার কাজও শুরু করেন। ‘এর বেশি ভালোবাসা যায় না’ গানটির মাধ্যমে গায়ক হিসেবেও আত্মপ্রকাশ করেন তুহিন। ইদানীং চলচ্চিত্রের গানের সংগীত পরিচালনাও নিয়ে ব্যস্ত তিনি।
শফিক তুহিন বলেন, ‘চলচ্চিত্র একটা বিশাল মাধ্যম। আমি এখন সে মাধ্যমে পুরোপুরিভাবে কাজ করে যাচ্ছি। এ রকম একটি বড় মাধ্যমে অবদান রাখার ব্যাপারটি সত্যিই অনেক বেশি আনন্দের। চলচ্চিত্রের গান কিন্তু শ্রোতাদের মাঝে যুগ যুগ ধরে থেকে যায়। নিজেকে ভালোভাবে প্রমাণ করার মধ্য দিয়ে নিয়মিতভাবে চলচ্চিত্রে কাজ করতে চাই।’
প্রতীক হাসান প্রসঙ্গে শফিক তুহিন বলেন, ‘এ প্রজন্মের কণ্ঠশিল্পীদের মধ্যে প্রতীকের গায়কি আমার দারুণ পছন্দ। কিন্তু এতদিন কাজ করার সুযোগ হয়ে ওঠেনি। আসলে ওর কণ্ঠের সঙ্গে মানানসই গানও পাচ্ছিলাম না। নতুন ছবির এই গানটি অসাধারণ গেয়েছে। সে তার বাবার (খালিদ হাসান মিলুর) যোগ্য উত্তরসূরি হিসেবে এগিয়ে যাচ্ছে।’
গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন সংগীত পরিচালক হিসেবে প্রথম কাজ করেন মনতাজুর রহমান আকবরের পরিচালনায় নির্মিত ‘ছোট্ট একটু ভালোবাসা’ চলচ্চিত্রে। গানটিতে শফিক তুহিনের সহশিল্পী ছিলেন ন্যান্সি। এরপর শাহিন সুমনের পরিচালনায় শফিক তুহিনের সংগীত পরিচালনায় অন্য রকম ভালোবাসা ছবিতে কণ্ঠ দেন সামিনা চৌধুরী।
এদিকে পয়লা বৈশাখ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে শফিক তুহিনের নতুন একক গানের অ্যালবাম।