
মানুষ মুখ দিয়ে কথা বলে। কিন্তু জালাল কাজটি করেন বাঁশি দিয়ে। তাঁর মুখের যাবতীয় কথা বলে দেয় হাতের বাঁশি। এই সত্যের আরেকবার দেখা মিলল গতকাল ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৬-এর দ্বিতীয় দিনে। বংশীবাদক জালালের পরিবেশনা দিয়ে শুরু হলো অনুষ্ঠান। বাঁশিকে দিয়ে কথা বলাবেন বলেই হয়তো মঞ্চে উঠে শুধু বললেন, ‘আমার কিছু বলার নাই, দোয়া করবেন, কিছুক্ষণ বাজাব।’ জালালের সেই ‘কিছুক্ষণ’ ভরসন্ধ্যায় আর্মি স্টেডিয়ামে জড়ো হওয়া অসংখ্য দর্শক বুঁদ হয়ে উপভোগ করলেন। জালালের সঙ্গেই মঞ্চে উঠেছিল কক্সবাজারের কিশোর সেই জাহিদ হোসেন। শুরুতে উপস্থাপিকা বনাঙ্কুর মুস্তাফা নাম না বলে যাকে ‘চমক’ হিসেবে রেখে দিয়েছিলেন। কিন্তু জাহিদ যখন গলা ছেড়ে গেয়ে উঠল ‘মধু হই হই বিষ খাওয়াইলা’, তখনই জেগে উঠল পুরো স্টেডিয়াম। জাহিদের দখলে তখন সব দর্শক।
জালালের পরেই মঞ্চে এলেন বাউল লতিফ সরকার। ‘জালালী কইতর’ দিয়ে শুরু করেন তাঁর পরিবেশনা। একে একে শোনান ‘আমার মন মজাইলা রে’, ‘সোনাবন্ধু ভুইলো না আমারে’, ‘মন জানে আর কেউ জানে না’ গানগুলো।
তারপরেই মঞ্চে আসেন কানাডার শিল্পী প্রসাদ ও বাংলাদেশের তানভীর আলম। বাংলা ভাষায় শুভসন্ধ্যা জানিয়ে শুরু করেন প্রসাদ। শেষ করেন বাংলায় ‘আমি তোমাকে ভালোবাসি’ বলে। মাঝের সময়টুকু দর্শকদের করতালি, চিৎকার আর উচ্ছ্বাসে ভরে ওঠে। প্রতিটি পরিবেশনার পর শিল্পীদের হাতে ক্রেস্ট তুলে দেন আয়োজকেরা।
ছুটির দিন বলেই সম্ভবত পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। রাত নয়টা অবধি লম্বা লাইনে দাঁড়িয়ে ছিলেন অসংখ্য দর্শক। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গান শোনানোর অপেক্ষায় ছিলেন ইন্ডিয়ান ওশান, বাংলাদেশের শফি মণ্ডল, লাবিক কামাল গৌরব, স্পেনের কারেন লুগো অ্যান্ড রিকার্ডো মোরো এবং ভারতের কৈলাস খের।
ঢাকার আর্মি স্টেডিয়ামে মেরিল নিবেদিত তিন দিনের ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ২০১৬ শুরু হয়েছে গত বৃহস্পতিবার। গতকাল ছিল এই আয়োজনের দ্বিতীয় দিন। নির্ধারিত সময়ের মিনিট ত্রিশেক পরে শুরু হয় অনুষ্ঠান। নিরাপত্তায় মোড়ানো জমকালো আয়োজনটি আজও চলবে। আজ হাজির হবেন সুনীল কর্মকার, ইসলাম উদ্দিন কিসসাকার, বারী সিদ্দিকী, তাপস অ্যান্ড ফ্রেন্ডস, ভারতের নুরান সিস্টার্স ও যুক্তরাজ্যের সুশীলা রামান, স্যাম মিলস ও পবন দাস বাউল।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা। এ ছাড়া ফেসবুকের ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ ইউটিউব চ্যানেলে সরাসরি প্রচারিত হচ্ছে অনুষ্ঠানটি।
এদিকে গত বৃহস্পতিবার রাতে শেষ পরিবেশনা ছিল মমতাজের। শুরুতেই তিনি গেয়ে শোনান ফকির কালু শাহের ‘ভুইলো না মন তাহারে’ গানটি। বাউলসাধকদের গানের পাশাপাশি নিজের অ্যালবামের গানও পরিবেশন করেন তিনি। এর আগে গান করেন পাকিস্তানের শিল্পী জাভেদ বশির।