শহর মাতল গিলবি ক্লার্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গাইছেন গিলবি ক্লার্ক  l ছবি: সাবিনা ইয়াসমিন
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গাইছেন গিলবি ক্লার্ক l ছবি: সাবিনা ইয়াসমিন

‘নভেম্বর রেইন’ গানের সঙ্গে পরিচিত নয়—এমন গানপ্রেমী মানুষ হয়তো খুব বেশি নেই। ‘গানস এন রোজেস’ ব্যান্ডের এই কালজয়ী গান কয়েক প্রজন্মকে মাতিয়ে রেখেছে। শুধু কি নভেম্বর রেইন; গার্ডেন অব ইডেন, ওয়ান ইন অা মিলিয়ন, চায়নিজ ডেমোক্রেসি, প্যারাডাইস সিটি, গানস এন রোজেস-এর মতো আলোচিত গানের নাম বলে শেষ করা যায় না। কিংবদন্তি ওই ব্যান্ডের একজনের নাম গিলবি ক্লার্ক। গানস এন রোজেসের সঙ্গে ছিলেন ১৯৯১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত, রিদম গিটারিস্ট হিসেবে। গত শুক্রবার তিনি বাজালেন ঢাকায়, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ‘ইয়োলো’ গিলবিকে নিয়ে আয়োজন করেছিল ‘সাউন্ডস অব গানস এন রোজেস উইথ গিলবি ক্লার্ক’ নামের একটি কনসার্ট।
কনসার্টের দিন কয়েক আগেই গিলবি ঢাকায় চলে আসেন। বাংলাদেশের পাশাপাশি ভারতেও বাজাবেন তিনি। গিলবি তাঁর বাংলাদেশ সফর নিয়ে বলেন, ‘এবারই প্রথম এলাম বাংলাদেশে। এখানে এসে সবার আপ্যায়ন ও উচ্ছ্বাস দেখে দারুণ ভালো লাগছে।’ কনসার্টের আগে গিলবি প্রথম আলোকে বলেন, ‘খুব অধীর হয়ে আছি বাংলাদেশে বাজাব বলে। দেখা যাক, কেমন হয়।’
রক গানের চর্চা নিয়ে গিলবি ক্লার্ক বলেন, ‘রক গান বিষয়টি এখনো সবার কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। এশিয়ার এই অঞ্চল থেকে রক গানের মানুষ আরও বেশি করে বেরিয়ে আসুক—এ প্রত্যাশাই করি।’ গানস অ্যান্ড রোজেসের সঙ্গে গিলবি তাঁর সম্পৃক্ততা নিয়ে বলেন, ‘সে ছিল জীবনের এক দারুণ সময়।’