শহরে পল্লিসম্রাটের গান

পল্লিসম্রাট আবদুল আলীমের গানের আয়োজন করা হয়েছে ঢাকায়। আগামী বুধবার সন্ধ্যায় বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে পল্লিসম্রাটের গান শোনাবেন তাঁরই উত্তরসূরি কণ্ঠশিল্পী নূরজাহান আলীম।
নূরজাহান আলীম জানান, প্রতিবছর আবদুল আলীম স্মরণে এ রকম একটি আয়োজন করা হয়। শুধু জন্ম ও মৃত্যুবার্ষিকীতে ঘটা করে তাঁকে স্মরণের বাইরে এই আয়োজন। নতুন প্রজন্মের কাছে পল্লিগীতির এই সম্রাটকে নতুন করে তুলে ধরতেই এই প্রয়াস। এই অনুষ্ঠানে আরও গান শোনাবেন তরুণ প্রজন্মের শিল্পী রাফসান।
নূরজাহান আলীম জানান, পল্লিগীতিকে আধুনিক যন্ত্রানুষঙ্গে গাওয়া হচ্ছে। এতে তরুণদের কাছে গানগুলো আরও জনপ্রিয় হয়ে উঠছে। শিগগিরই তাঁর গানগুলো একত্র করে প্রকাশের প্রস্তুতি নিচ্ছে আবদুল আলীম ফাউন্ডেশন।
বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বাংলা একাডেমির এ আয়োজনে গান শুনতে আসবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ আরও অনেকে। সেখানে আবদুল আলীমের জনপ্রিয় কিছু গানের পাশাপাশি স্বল্পশ্রুত কিছু গানও শোনাবেন নূরজাহান আলীম।