শহীদ মিনারে শেষবার ফকির আলমগীর, তালতলায় শেষনিদ্রা

ফকির আলমগীর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় শহীদ মিনারে অনেকবার তাঁকে দেখা গেছে। নানা আয়োজনে, প্রয়োজনে এখানে এসেছেন তিনি। কখনো ফুল, কখনো মাইক্রোফোন হাতে তাঁকে দেখা গেছে। সংকটে, দাবি আদায়ে, উৎসব-পার্বণে কথা বলেছেন। শনিবারের শ্রাবণদুপুরেও শহীদ মিনারের সামনে তাঁকে পাওয়া গেল। শহীদ মিনারে এই তাঁর শেষ আগমন। এসেছেন হিমগাড়িতে; কফিনবন্দী হয়ে।

শনিবার দুপুর ১২টায় ফকির আলমগীরের মরদেহ বহন করা অ্যাম্বুলেন্সটি এসে থামে শহীদ মিনারের কৃষ্ণচূড়ার নিচে। তারও আগেই উপস্থিত তাঁর সুহৃদেরা। কারও হাতে ফুলের তোড়া, কারও মাথায় ছাতা। কঠোর বিধিনিষেধ, বৃষ্টি উপেক্ষা করে প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে কিংবা একনজর দেখার আশায় ভিড় জমিয়েছেন তাঁরা। অচিরে ফুলে ফুলে ভরে যায় তাঁর কফিন, তাঁকে স্নাত করে শ্রাবণের ধারা।

ফকির আলমগীর গানের পাশাপাশি নিয়মিত লেখালেখিও করতেন

সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ, উদীচী কেন্দ্রীয় সংসদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, কৃষক লীগ, জাতীয় কবিতা পরিষদ, সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, নৃত্যশিল্পী সংস্থা, কেন্দ্রীয় খেলাঘর আসরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ ছাড়া তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ডা. জাফরুল্লাহ চৌধুরীসহ অনেকে শ্রদ্ধা জানান। শোক ও ফুলেল শ্রদ্ধার্ঘ্য পাঠিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রীসহ অনেক সংগঠন ও প্রতিষ্ঠান।

ভালো বাঁশী বাজাতেন ফকির আলমগীর

এ সময় এখানে সমবেত ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা জানান ফকির আলমগীরের সহধর্মিণী সুরাইয়া আলমগীর ও ছোট ভাই ফকির সিরাজ। বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামান, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক মহাসচিব ঝুনা চৌধুরী, বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী প্রমুখ।

শহীদ মিনার থেকে খিলগাঁও তালতলা কবরস্থানে নেওয়া হয় ফকির আলমগীরের মরদেহ। সেখানেই দাফন করা হয় তাঁকে। দাফনের পর তাঁর কবরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপসের পক্ষ থেকে তাঁকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। এর আগে বেলা ১১টায় খিলগাঁও পল্লীমা সংসদ মাঠে প্রথম জানাজার আগে গার্ড অব অনার দেওয়া হয় স্বাধীন বাংলা বেতারের এই কণ্ঠসৈনিককে।

ভূপেন হাজারিকার সঙ্গে

শুক্রবার রাত ১০টা ৫৬ মিনিটে শেষনিশ্বাস ত্যাগ করেন ফকির আলমগীর। করোনায় আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন ছিলেন এই সংগীতশিল্পী।

সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৯৯ সালে তাঁকে একুশে পদক দেওয়া হয়

ফকির আলমগীর ১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারি ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কালামৃধা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা হাচেন উদ্দিন ফকির, মা বেগম হাবিবুন্নেসা। স্বাধীনতার পর পাশ্চাত্য সংগীতের সঙ্গে দেশজ সুরের মেলবন্ধন ঘটিয়ে বাংলা পপগানের বিকাশে ভূমিকা রাখেন শিল্পী ফকির আলমগীর। সংগীতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ১৯৯৯ সালে তাঁকে একুশে পদক দেওয়া হয়।