শাকির দেওয়ানের কথায় সমরজিতের ‘তার লাগিয়া’

শাকির দেওয়ানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সমরজিৎ নিজেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীত নিয়ে ভারতে পড়াশোনা করতে গিয়েছিলেন বাংলাদেশের এক তরুণ শিল্পী। সেখান থেকেই শুরু। পরে পণ্ডিত যশরাজ, পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, ওস্তাদ জাকির হোসেন, জগজিৎ সিং, মান্না দের মতো শিল্পীদের সান্নিধ্য পেয়েছেন, নিজের গানে তাঁদেরও মুগ্ধ করেছেন এই শিল্পী। চট্টগ্রাম থেকে দিল্লিতে গিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা এই শিল্পীর নাম সমরজিৎ রায়। ২০১১ সালে সমরজিতের হিন্দি অ্যালবাম ‘তেরা তসব্বুর’ ভারতের জিমা অ্যাওয়ার্ডে ‘সেরা জনপ্রিয় অ্যালবাম’ বিভাগে মনোনয়ন পেয়েছিল। তিনি ভারতের দিল্লির গান্ধর্ব মহাবিদ্যালয়ে ১২ বছর উচ্চাঙ্গসংগীতের শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। গুণী এ শিল্পীর নতুন গান ‘তার লাগিয়া’ প্রকাশিত হচ্ছে আগামীকাল তাঁর নিজস্ব ইউটিউব চ্যানেল ও ফেসবুকে প্রকাশ পাবে। শাকির দেওয়ানের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন সমরজিৎ নিজেই।

ভারতের শিল্পী হৈমন্তী শুক্লার সঙ্গে অনলাইনভিত্তিক সংগীত পাঠশালা ‘সুরছায়া’র ক্লাস, রেকর্ডিং, ফেসবুক লাইভ, বেতার ও টেলিভিশনের অনুষ্ঠানসহ সারা দেশে মঞ্চের বিভিন্ন অনুষ্ঠান নিয়ে চলছে সমরজিতের বর্তমান ব্যস্ততা।

সমরজিৎ রায়

নতুন গান প্রসঙ্গে সমরজিৎ রায় বলেন, ‘আমার কণ্ঠে শ্রোতারা সব সময় যে ধারার গান শুনতে অভ্যস্ত, এটি সেই ধারার বাইরের একটি গান। গীতিকার শাকির দেওয়ানের চমৎকার কথায় বিরহ আঙ্গিকের এই গান আমি অন্যভাবে সুর ও সংগীতায়োজন করার চেষ্টা করেছি, যা সব ধরনের শ্রোতারই ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
গীতিকার শাকির দেওয়ান বলেন, ‘সমরজিৎ রায় আমার খুব প্রিয় শিল্পী। এই শিল্পীর জন্য বারবার গান লিখতে পেরে সত্যিই আমি আনন্দিত। আমাদের বোঝাপড়াটাও দারুণ। এবারের “তার লাগিয়া” শীর্ষক গানটি শিল্পীর জন্য একদমই নতুন এক ভিন্নতর প্রয়াস, যা শ্রোতাদের ভালো লাগবেই।’