শান্তিপ্রিয় গ্যাল ন্যায়ের জন্য লড়বেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাল গ্যাদত
গ্যাল গ্যাদত

সিনেমায় ধুন্ধুমার মারামারি করেন গ্যাল গ্যাদত। তাই বলে ভেবে বসবেন না তিনি মারমুখী কিংবা সহিংসতাপ্রেমী মানুষ। বাস্তব জীবনে গ্যাল তাঁর পর্দার চরিত্রের থেকে একদমই বিপরীত। ব্যক্তিজীবনে তিনি যোদ্ধা নন—এ কথা গ্যাল নিজমুখেই স্বীকার করলেন। তবে ন্যায়ের জন্য তাঁর লড়াই করতে কোনো আপত্তি নেই।
সম্প্রতি মেরি ক্লেয়ার সাময়িকীর এবারের প্রচ্ছদকন্যা গ্যাল গ্যাদত। সেখানেই নিজের অভিনয়জীবন ও বাস্তবজীবন নিয়ে কথা বলেছেন তিনি। নিজের শৈশব, বেড়ে ওঠা এবং জীবনের নানা ধাপে নারী-পুরুষ লিঙ্গবৈষম্যের কথাও বলেছেন এই অভিনেত্রী। শৈশবে তাঁর জীবনে মায়ের প্রভাব নিয়ে বললেন, ‘আমরা বড় হয়ে কিছু একটা হব—এমন আত্মবিশ্বাস মা আমাদের দুই বোনের ভেতর ঢুকিয়ে দিয়েছেন, সেই আত্মবিশ্বাসেই বড় করেছেন।’ গ্যাদত জানান, নারীরা হলিউডে কঠিন যুদ্ধ আর সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছেন। নারী-পুরুষের এই বৈষম্য দূর করতে আরও অনেকটা সময় আমাদের অপেক্ষা করতে হবে। তাই গ্যালের মতে, যত দিন এই বৈষম্য থাকবে, অন্তত তত দিন শান্তিপ্রিয় গ্যালকে ন্যায়ের জন্য সংগ্রাম আর লড়াই চালিয়েই যেতে হবে। এই লড়াইটাকে সমর্থন করেন গ্যাল। সূত্র: ইউএস উইকলি।