শাফিন নেই, মাইলসে নতুন কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাইলসের সদস্যদের সঙ্গে পাভেল (ডানে)
মাইলসের সদস্যদের সঙ্গে পাভেল (ডানে)

কয়েক মাস ধরে শাফিন আহমেদকে মাইলস ব্যান্ডের সঙ্গে দেখা যাচ্ছে না। শাফিনকে ছাড়াই গানের দলটির সদস্যরা কিছুদিন আগে কানাডায় সফর করে এসেছেন। এসব শোতে মাইলসের পুরোনো সদস্যদের সঙ্গে বেজ গিটারে নতুন একজনকে দেখা যাচ্ছে। মাইলস ব্যান্ডে তিনি কে? হামিন আহমেদের কাছে জানতে চাইলে প্রথম আলোকে তিনি বলেন, ‘ওর নাম পাভেল। আমাদের সঙ্গে এখন বাজাচ্ছে।’

পাভেলকে এর আগে আরও কয়েকটি ব্যান্ডের সঙ্গে পারফর্ম করতে দেখা গেছে। পাশাপাশি কয়েকজন শিল্পীর সঙ্গেও বাজিয়েছেন তিনি। স্বপ্ন দেখতেন, দেশের প্রথম সারির কোনো ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে বাজাবেন। এ বছর ৭ অক্টোবর সেই কাঙ্ক্ষিত সুযোগ পেয়ে যান। এদিন মাইলসের অন্য সদস্যদের সঙ্গে পাভেল বেজ গিটার বাজান। এরপর ব্যান্ডের হয়ে দেশের বাইরে ভ্রমণ। সেখানে মাইলসের হয়ে কয়েকটি শোতে ধারাবাহিকভাবে পারফর্ম করেছেন।

হামিন আহমেদ বলেন, ‘শাফিন আহমেদের অনিয়মিত হওয়ার কারণে আমাদের বেজ গিটারে শূন্যতা তৈরি হয়। এরপর সেই কার্যক্রম চালিয়ে নিতে আমাদের একজনকে দরকার ছিল, যে সেই শূন্যতা পূরণ করবে। পাভেল এখন পর্যন্ত আমাদের সেই শূন্যতা পূরণ করে চলেছে। সে আমাদের সঙ্গে বাজাচ্ছে। আপাতত এর বেশি আর কিছু বলতে চাই না।’

এদিকে মাইলস ব্যান্ডের সঙ্গে বাজাতে পেরে ভীষণ উচ্ছ্বসিত পাভেল। সংগীতজীবনের এখন পর্যন্ত সবচেয়ে বড় অর্জন মনে করছেন তিনি। বললেন, ‘জুয়েল ভাইয়ের মাধ্যমে আমার কাছে প্রস্তাবটি আসে। তারপরও বিশ্বাস হয়নি। চূড়ান্তভাবে যেদিন হোটেল র‍্যাডিসনে বাজিয়েছি, তখনো সবকিছু অবিশ্বাস্য মনে হয়েছিল। এই ব্যান্ডের সঙ্গে কাজ করার যে সুযোগ পেয়েছি, এটা স্বপ্নের মতো। এই কদিনে অনেক কিছুই শিখেছি। সামনে আর বাজাব কি না, সেটা নিয়ে ভাবছি না। যে কটা দিন কাজ করেছি, তাতেই অনেক খুশি।’

‘মাইলসের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা দারুণ।’ বললেন বেজ গিটারিস্ট পাভেল। আরও বললেন, ‘আমি যখন বাজাই, হঠাৎ বামে তাকালে যখন মানাম ভাই আর হামিন ভাইকে দেখি, তখন মুহূর্তের জন্য কেমন যেন হয়ে যাই। এ অনুভূতি প্রকাশ করা সম্ভব নয়।’

পাভেল বলেন, ‘ছোটবেলা থেকে গানের সঙ্গেই আছি। ইচ্ছা ছিল বড় হয়ে কোনো ব্যান্ডের সঙ্গে বাজাব। তবে এর জন্য আগে নিজেকে তৈরি করব। নিজেকে এমনভাবে তৈরি করব, যেন বড়দের কাছ থেকে ডাক পাই। মাইলস থেকে ডাক পাওয়ার বিষয়টি একেবারে প্রত্যাশার বাইরে ছিল।’

মাইলসের অন্য সদস্যদের সঙ্গে এক মঞ্চে বাজানোর সুযোগ পাওয়ার আগে কঠিন পরীক্ষা দিতে হয়েছে পাভেলকে। ২৫টি গানের তালিকা দেওয়া হয় তাঁকে। আর বলে দেওয়া হয়, যেন এক সপ্তাহের মধ্যে সব কটি গান ঠিকভাবে গিটারে তুলে নেন। পাভেল বলেন, ‘আমার মধ্যে পুরো ব্যাপারটা এতটাই রোমাঞ্চকর ছিল যে গানগুলো গিটারে তুলতে এক সপ্তাহও সময় নিতে চাইনি। তিন দিনে সব গান তুলে জুয়েল ভাইকে ফোন করি। তিনি অবাক হয়েছিলেন।’