শাস্ত্রীয়সংগীত উৎসবে তরুণদের আগ্রহ কীসে?

কানে হেডফোন গুঁজে আনমনে দুলতে থাকা প্রজন্ম। হেডফোনে কী গান বাজতে থাকে তাঁরাই জানেন। সারা বছরের এই দৃশ্য কিছুটা পাল্টে যায় হেমন্তের শেষে। সেসময় রাতের ঢাকার এই হেডফোন-প্রজন্মকে পাওয়া যায় বনানীর আর্মি স্টেডিয়ামে। জানেন না কেন আর কিসের টানে তাঁরা রাতভর পড়ে থাকেন সেখানে। গ্যালারি-মাঠ একাকার হয়ে যায় তারুণ্যের শোভায়।
শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে চতুর্থ বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৫। প্রথম সন্ধ্যা থেকেই সেখানে উপস্থিত ছিলেন উল্লেখযোগ্য সংখ্যক তরুণ-তরুণী। তাঁদের কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায় উৎসবের প্রথম রাতের পরিবেশনা নিয়ে। কৌশিকী চক্রবর্তীর পরিবেশনা নিয়ে বলতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বিজ্ঞাপনী সংস্থার কর্মী নাজমুল হাসান। তিনি জানান, ‘তাঁর পরিবেশনার জন্য অপেক্ষা করে ছিলাম। মালকোষ দিয়ে শুরু করার পর মন বসাতেই সময়টা গেছে। যখন খাম্বাজ রাগে দাদরা শুরু করলেন, সেটা বেশ উপভোগ করেছি। তবে বন্দিশের সঙ্গে গাওয়া ‘বধূ মিছে রাগ করো না’ গানটা আরেকটু ভালো আশা করেছিলাম।’
উন্নয়নকর্মী তানিয়া আহমেদের কাছে জানতে চাই, কেন তিনি রাত জেগে রাগ সংগীত শুনতে আসেন। তিনি বলেন, ‘রুচি তৈরির একটা ভালো সুযোগ পাওয়া গেছে। এই পরিবেশ পাওয়াই তো মুশকিল।’
শনিবার রাতের প্রথম প্রহরে ঘুম ঘুম চোখে গ্যালারির একেবারে ওপরে চায়ের স্টলের কাছে দেখা মেলে একদল তরুণের। তাঁদের কাছে জানতে চাই, কার পরিবেশনা শোনার আগ্রহ তাঁদের সব থেকে বেশি। তাঁরা একসঙ্গে বলে ওঠেন কৌশিকী!
আর শনিবার? তারা জানান, সরস্বতী বীণা আর এসরাজ শোনার ইচ্ছে। তবে এই যন্ত্রগুলো যাঁরা বাজাবেন, তাঁদের নাম উল্লেখ করতে পারেননি তাঁদের কেউ।
আজ শনিবার রাতে সরস্বতী বীণা বাজাবেন জয়ন্তী কুমারেশ। শুভায়ূ সেন মজুমদার বাজাবেন এস্রাজ।