শাহনাজ রহমতউল্লাহকে শ্রদ্ধাজ্ঞাপন

কণ্ঠশিল্পী শাহনাজ রহমতউল্লাহকে শ্রদ্ধা জানাচ্ছে ঢাকা ক্যাডেট কলেজ ক্লাব। সংগঠনটির বার্ষিক পুনর্মিলনীর অনুষ্ঠানে এই শিল্পীকে শ্রদ্ধা জানাবে তারা। সেখানে শাহনাজ রহমতউল্লাহর অনেক গান গেয়ে শোনাবেন শিল্পী দিনাত জাহান।
সংগঠনটির সংস্কৃতিবিষয়ক সমন্বয়ক আর এইচ এম হাসান আলফি জানিয়েছেন, প্রতিবছর দেশ-বিদেশের বিভিন্ন শিল্পীকে শ্রদ্ধাজ্ঞাপন করে সংগঠনটি। এবার শ্রদ্ধা জানানো হচ্ছে দেশের এই গুণী শিল্পীকে। তিনি বলেন, ‘শিল্পীকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হতে অনুরোধ করেছিলাম। তিনি আমাদের আশীর্বাদ জানিয়ে অনুষ্ঠানে উপস্থিত হতে অপারগতা প্রকাশ করেছেন। তিনি এখন সাধারণত কোথাও যান না। বরং অনুষ্ঠানে তাঁর গানগুলো দিনাত জাহানকে গাওয়ার পরামর্শ দিয়েছেন।’
শাহনাজ রহমতউল্লাহর গান করার সুযোগ পেয়ে গর্বিত শিল্পী দিনাত জাহান। তিনি বলেছেন, ‘এর আগেও টেলিভিশনের একটি সরাসরি অনুষ্ঠানে গাইতে দেখে শাহনাজ আপা আমাকে সাধুবাদ জানিয়েছেন। প্রকৃত গুণী শিল্পীরা এমনই হন।’ আজ শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত গুলশানে ক্লাবটির অনুষ্ঠানে ‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘আরও কিছু দাও না’সহ অন্তত ১৫টি গান গেয়ে শোনাবেন দিনাত জাহান।