শিকড়সন্ধানী শিল্পীরা
>১২ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন দিনের ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশসহ মোট পাঁচটি দেশের শিল্পীরা। এ দেশের কিংবদন্তি শিল্পীদের পাশাপাশি দেশের বাইরের লোকগানের তারকা শিল্পীরাও এ উৎসবের অংশ হতে যাচ্ছেন। ধারাবাহিক এ আয়োজনে আজ থাকছে পাকিস্তানের দুই শিল্পী আবিদা পারভীন ও সাঁই জহুরের কথা।

উপমহাদেশের কিংবদন্তি শিল্পীদের নাম বললেই সেই তালিকায় আসে আবিদা পারভীনের নাম। পাকিস্তানের এই শিল্পী ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে গাইবেন শেষ দিনে, অর্থাৎ ১৪ নভেম্বর। তাঁর পরিবেশনা দিয়ে পর্দা নামবে প্রথমবারের মতো আয়োজিত এই লোকগানের মহাযজ্ঞের। তা ছাড়া পাকিস্তান থেকে এ উৎসবে অংশ নিতে আরও এক লোকশিল্পী আসছেন ঢাকায়। তিনি হলেন সাঁই জহুর। তিনি গাইবেন উৎসবের প্রথম দিন।
আবিদা পারভীনের জন্ম ১৯৫৪ সালে পাকিস্তানের সিন্ধু প্রদেশের লারকানা এলাকায়। বাবা ওস্তাদ গোলাম হায়দারের কাছ থেকে শুরু হয় তাঁর গানের তালিম। বাবার সঙ্গে আবিদা পারভীন বিভিন্ন মাজারে কাওয়ালি পরিবেশন করতেন। মাত্র তিন বছর বয়সেই প্রথম সুফি গানে কণ্ঠ দেন। সত্তরের দশকের শুরুর দিকে তিনি বিভিন্ন দরগাহ এবং ওরসে সুফি গান পরিবেশন করতেন। বর্তমান সময়ের সুফি শিল্পীদের কাছে আবিদা পারভীন একজন আদর্শ।

অন্যদিকে আবিদা পারভীনের মতো সাঁই জহুরের খ্যাতি সীমানা পেরিয়ে খুব বেশি দূর পর্যন্ত না ছড়ালেও এই শিল্পীও লোকগানে নিজেকে তুলে ধরেছেন ভিন্নভাবে। পাকিস্তানের শীর্ষস্থানীয় সুফি গায়কদের মধ্যে জহুর রয়েছেন প্রথম কাতারে। বিভিন্ন দরগাহ আর মাজারেই একটা সময় নিয়মিত গাইতেন জহুর। কিন্তু ২০০৬ সালে ‘বিবিসি ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ড’-এ সাঁই জহুরের নাম উঠে এলে বিশ্বব্যাপী পরিচিতি ছড়িয়ে পড়ে তাঁর। সাঁই জহুরের গান ও এর পরিবেশনা—দুটোই বিভিন্ন সময় উঠে আসে আলোচনায়। তা ছাড়া কোক স্টুডিওতে এই শিল্পীর পরিবেশনাও ভার্চু্যয়াল জগতে বিভিন্ন সময় তুলেছে আলোড়ন।