শিক্ষিকা-শিক্ষার্থীর 'অনুভবে'

শিক্ষিকা ফাহমিদা নবীর সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিলেন বেলাল খান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সম্প্রতি প্রকাশিত হয়েছে ফাহমিদা নবী ও বেলাল খানের গাওয়া ‘অনুভবে’ গানটি।
আট বছর আগে চালু হওয়া ফাহমিদা নবীর সংগীতশিক্ষা প্রতিষ্ঠান ‘কারিগরি’-এর প্রথম ব্যাচের শিক্ষার্থী ছিলেন বেলাল খান। বেলালের সুরে গানও গেয়েছেন ফাহমিদা নবী। এবারই প্রথম শিক্ষিকা ও শিক্ষার্থী দ্বৈত কোনো গানে কণ্ঠ দিলেন। ফাহমিদা নবী বলেন, ‘আপাতদৃষ্টিতে শিক্ষিকা হলেও ওদের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। ওদের শেখাতে গিয়ে আমি নিজেও অনেক কিছু শিখতাম। ওর সঙ্গে একই গানে কণ্ঠ দেওয়াটা আনন্দের।’ তিনি আরও বলেন, ‘খুব সহজ-সরল কথার এই গানটি একটু ফিল্মি ধাঁচের। সুরটা যে কারওরই ভালো লাগবে। সংগীতায়োজনও অনেক সুন্দর হয়েছে।’
বেলাল খান জানালেন, প্রায় তিন মাস আগে গানটিতে কণ্ঠ দিয়েছিলেন তিনি। তখনো জানতেন না যে সহশিল্পী হবেন তাঁর শিক্ষিকা ‘ফাহমিদা আপা’। তিনি বলেন, ‘যখন জানলাম যে আপা ওই গানে কণ্ঠ দেবেন, তখন অন্যরকম ভালো লাগা কাজ করছিল।’
সজীব শাহরিয়ারের কথা ও জে কে-এর সুর ও সংগীতে ‘অনুভবে’ অ্যালবামটি প্রকাশ করছে সুরঞ্জলি।