শিকড়সন্ধানী শিল্পীরা
>১২ নভেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন দিনের ‘ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’। এতে অংশ নিচ্ছেন বাংলাদেশসহ মোট পাঁচটি দেশের শিল্পীরা। এ দেশের কিংবদন্তি শিল্পীদের পাশাপাশি দেশের বাইরের লোকগানের তারকা শিল্পীরাও এ উৎসবের অংশ হতে যাচ্ছেন। ধারাবাহিক এ আয়োজনে আজ থাকছে পবন দাস বাউলের কথা।

বাংলা বাউলগান যাঁরা শোনেন, ‘দিল কি দয়া হয় না’ তাঁদের প্রায় সবারই পছন্দের একটি গান। এই গানের মাধ্যমেই বিশ্বের বাংলা ভাষাভাষীর সংগীতপিপাসুদের কাছে পরিচিতি পেয়েছেন পবন দাস বাউল। এক হাতে একতারা, অন্য হাতে ডুবকি বাজিয়ে গান করেন এই খ্যাতিমান লোকসংগীত শিল্পী। লোকসংগীতের শিল্পী হলেও তিনি আধুনিক মানুষ। ইন্টারনেট ঘাঁটলেই মিলবে তাঁর গানের অডিও ও ভিডিও। এবার তিনি গাইবেন ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎসবে। ১৩ নভেম্বর উৎসবের দ্বিতীয় দিন থাকবে তাঁর পরিবেশনা।
১৯৬১ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ছোট্ট গ্রাম মুহাম্মদপুরে পবন দাস বাউলের জন্ম। বাউলগানের প্রেরণা পেয়েছিলেন বাবার কাছ থেকে। এ ছাড়া গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো বাউলের দল তাঁকে নাড়া দিয়েছিল সেই শিশুকালেই। গানের হাতেখড়ি সুফি ফকিরের কাছ থেকে হলেও ১৪ বছর বয়সে সুবল দাস বাউলের কাছে তাঁর গান শেখা শুরু। তখন থেকেই বাউলগানের সাধনা করে আসছেন এই শিল্পী।
বাউলগানকে আন্তর্জাতিক অঙ্গনে যাঁরা পরিচিতি দিয়েছেন, পবন দাস তাঁদের একজন। এমনকি বাউলগানে তিনি যুক্ত করেছেন এক ভিন্নধারা। বিভিন্ন দেশের খ্যাতিমান শিল্পীদের সঙ্গে যুক্ত হয়ে গান করেছেন তিনি। প্রকাশ করেছেন বেশ কিছু অ্যালবাম। গান গাইতে ভারত, ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশে সফর করেছেন পবন দাস বাউল।