শিরোনামহীনের পর তুহিনের 'আভাস'

নতুন ব্যান্ড গঠন করেছেন তানযীর তুহিন। ব্যান্ডের নাম দিয়েছেন আভাস। গত ৬ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমি তানযীর তুহিন, ব্যক্তিগত কারণে শিরোনামহীন ছাড়ছি, কিন্তু গান নয়।’ আজ শনিবার সকালে তিনি ফেসবুকে লিখেছেন, ‘সৃষ্টিকর্তার কৃপা ও শ্রোতা বন্ধুদের অনুপ্রেরণায় নতুন একটি ব্যান্ড নিয়ে গানে ফিরছি, আভাস।’
দুপুরে প্রথম আলোকে তুহিন বলেন, ‘সবাই জানেন আমি অসুস্থ ছিলাম। হার্টের কিছু সমস্যা হয়েছিল। সম্প্রতি দেশের বাইরে গিয়ে চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে এসেছি। তাঁরা আবার আমাকে গান গাওয়ার অনুমতি দিয়েছেন। আশা করছি, শিগগিরই আমার ব্যান্ড নিয়ে কনসার্টে অংশ নেব।’
তুহিন আরও বললেন, ‘এরই মধ্যে আমরা প্র্যাকটিস শুরু করেছি। মগবাজারে সাউন্ড মেশিনে নিয়মিত বসছি। নতুন গান করছি। আশা করছি, জানুয়ারি মাসের মাঝামাঝি আমাদের প্রথম মিউজিক ভিডিও উপহার দিতে পারব।’
শিরোনামহীনের কিছু গান স্টেজে করবেন তুহিন। জানালেন, এ ব্যাপারে শিরোনামহীনের বাধা দেওয়ার কোনো কারণ নেই। কারণ, ওই গানগুলো শিরোনামহীন অনেক আগেই বাদ দিয়েছে।
আভাস ব্যান্ডের লাইনআপ হলো লিড-সুমন, বেস-রাজু, ড্রামস-রিঙ্কু, কি-বোর্ডস-শাওন, ভোকাল-তুহিন।