
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা গতকাল ছিল উৎসবমুখর। এখানে আসা প্রায় সবার পরনে ছিল সাদা টি-শার্ট। মাথায় ছিল ছাইরঙা ক্যাপ। কোনো নাটকের উৎসবে তাঁরা আসেননি। তাঁদের পরিচয়, তাঁরা যন্ত্রশিল্পী। নাট্যশালার লবিতে বসা দুজন শিল্পীর আঙুলগুলো দুলছিল তালে তালে। নারায়ণগঞ্জ থেকে এসেছেন তাঁরা। তাঁদের মতো সারা বাংলাদেশ থেকে ‘তৃতীয় জাতীয় যন্ত্রসংগীতশিল্পী সম্মিলন ২০১৭’ অনুষ্ঠানে এসেছেন যন্ত্রশিল্পীরা। বাংলাদেশ মিউজিশিয়ানস ফাউন্ডেশন (বিএমএফ) অনুষ্ঠানটির আয়োজন করে।
সন্ধ্যা ঘনিয়ে এলে আকাশে উড়াল দিল নানা রঙের বেলুন। উদ্বোধন হলো সম্মেলনের। এর আগে বিকেলে কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে বিভিন্ন জেলা-থানা কমিটির অংশগ্রহণে ছিল শোভাযাত্রা। শোভাযাত্রাটি শিল্পকলা একাডেমি থেকে জাতীয় প্রেসক্লাব হয়ে হাইকোর্ট চত্বর ঘুরে শিল্পকলা একাডেমিতে শেষ হয়।
সন্ধ্যায় জাতীয় নাট্যশালার মূল হলে শুরু হয় আলোচনা অনুষ্ঠান। বক্তব্য দেন উদ্বোধক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, শিল্পী সৈয়দ আবদুল হাদী, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন এনডিসি। স্বাগত বক্তব্য দেন বিএমএফের সাধারণ সম্পাদক দেবু চৌধুরী। সভাপতি ছিলেন বিএমএফের সভাপতি গাজী আবদুল হাকিম।
ছিল অতিথিদের ফুল দিয়ে বরণ ও উত্তরীয় প্রদান। অনুষ্ঠানের শুরুতে কোরআন, গীতা, বাইবেল ও ত্রিপিটক থেকে পাঠ করা হয়। বাঁশিশিল্পী ওস্তাদ বাসুদেব দাস ও বেহালাশিল্পী ওস্তাদ আলাউদ্দিন মিয়াকে সম্মাননা দেওয়া হয়। অসুস্থ প্রবীণ তবলাশিল্পী পণ্ডিত মদনগোপাল দাসের চিকিৎসার জন্য তাঁর পরিবারকে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে দুই লাখ টাকার চেক দেওয়া হয়। যন্ত্রশিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শেষ হয় আয়োজনটি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগীতশিল্পী দিনাত জাহান।