বেঙ্গল উৎসব না হওয়ায় শিল্পাঙ্গনে হতাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বছর বসবে না উচ্চাঙ্গসংগীতের এমন বর্ণিল আসর। ছবিটি গতবারের উৎসবের
এ বছর বসবে না উচ্চাঙ্গসংগীতের এমন বর্ণিল আসর। ছবিটি গতবারের উৎসবের
এ বছর বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব হচ্ছে না। আগামী ২৩ থেকে ২৭ নভেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামে ষষ্ঠবারের মতো এই উৎসব হওয়ার সব রকম আয়োজন সম্পন্ন হলেও স্টেডিয়ামটি ব্যবহারের অনুমতি পাওয়া যায়নি। ফলে নভেম্বরের ওই পাঁচ দিন সারা রাত জেগে সুর–লহরিতে হারিয়ে যাওয়ার সুযোগ থেকে বঞ্চিত হবেন হাজার হাজার শ্রোতা। বিষয়টি কীভাবে দেখছেন, এ নিয়ে কথা হয় সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন সংগীতজ্ঞ, শিল্পী, নাট্যজন, নৃত্যশিল্পীর সঙ্গে। তাঁদের সঙ্গে কথা বলেছেন কবির বকুল।


ফেরদৌসী রহমান

সংগীতশিল্পী

গত পাঁচ বছরে সারা রাত ধ্রুপদি সংগীত উপভোগ করার বিষয়টি একটা নিয়মে দাঁড়িয়ে গিয়েছিল। যেখানে হাজার হাজার টাকা খরচ করে টিকিট কেটে আমরা ডোভার লেন সম্মেলনে যাই, সেখানে আমাদের দেশে বিনা পয়সায় এ রকম একটি আয়োজন এ বছর হবে না, এটা জেনে আমি ব্যক্তিগতভাবে খুব কষ্ট পেয়েছি। এই উৎসবকে ঘিরে আমরা যাঁরা বুড়ো আছি, তাঁদের পাশাপাশি তরুণ প্রজন্মের নতুন শ্রোতা তৈরি হয়েছিল। দেখেছি, তরুণ শ্রোতারা উৎসবে এসে উপমহাদেশের বড় বড় শিল্পীর বাজানো শুনত এবং যেখানে তালি দেওয়া প্রয়োজন, ঠিক সেখানেই তাদের তালিটা বাজত। আমি বলব, শুদ্ধ সংগীত উপভোগ করার কান তৈরি হচ্ছিল এই উৎসবের মাধ্যমে। প্রতিবছর আমি নিজে যেমন শ্রোতা হয়ে যেতাম, তেমনি প্রতিবছর লন্ডন থেকে আমার আত্মীয়স্বজনেরাও আসতেন ওই সময়, খ্যাতিমান সংগীতজনদের ধ্রুপদি সংগীত শুনতে। তাঁদের জন্য প্রবেশপত্র চাইতাম লুভার (লুভা নাহিদ চৌধুরী) কাছে। শুনেছি, উৎসবের সময় পোপের বাংলাদেশ সফরের কারণে নাকি অনুমতি দেওয়া হয়নি। এটাই কি শুধু কারণ! সবকিছু মিলিয়ে আমি খুব মর্মাহত।

ফেরদৌসী রহমান, রামেন্দু মজুমদার, সৈয়দ আব্দুল হাদী
ফেরদৌসী রহমান, রামেন্দু মজুমদার, সৈয়দ আব্দুল হাদী

রামেন্দু মজুমদার

নাট্যজন

আমি খুবই হতাশ। এটাই ছিল বাংলাদেশের সর্ববৃহৎ শাস্ত্রীয় সংগীত উৎসব। এটি বন্ধ হয়ে যাওয়ার ফলে দেশ-বিদেশের বড় বড় সংগীতজ্ঞের পরিবেশনা সরাসরি উপভোগ করার সুযোগ থেকে আমরা বঞ্চিত হলাম। আমি বলব, শুদ্ধ চর্চার ক্ষেত্রে এর মাধ্যমে আমাদের কান তৈরি হচ্ছিল। তৈরি হয়েছিল শাস্ত্রীয় সংগীতের নতুন শ্রোতা। বেড়েছিল এর চর্চা। যে বিষয়টির কারণে এই উৎসব স্থগিত করা হলো, আমি বলব, সেটি পুনর্বিবেচনা করা হোক। কারণ, বছর দুয়েক আগে জ্বালাও–পোড়াওয়ের মধ্যেও এই উৎসব সফলভাবেই হয়েছে। আর সরকারও চেয়েছিল ওই বছর উৎসবটি হোক। আমি উচ্চপর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাব, যেন তাঁর হস্তক্ষেপে এ বছর এই উৎসবটি হতে পারে। এখনো সে সুযোগ রয়েছে বলে আমি মনে করি।

সৈয়দ আব্দুল হাদী

সংগীতশিল্পী

জানি না, কী কারণে এই উৎসব হচ্ছে না। স্বাধীনতা-পূর্ব সময়ে এ দেশে এ ধরনের আয়োজন হতো, সেখানে বড় বড় সংগীতশিল্পী আসতেন। তবে আমি বলব, স্বাধীনতা-পরবর্তী সময়ে আর এ ধরনের আয়োজন হয়নি। সাম্প্রতিক সময়ে এটাই ছিল একমাত্র আন্তর্জাতিক মানের ধ্রুপদি সংগীত উৎসব। ধ্রুপদি সংগীতের প্রতি ভালোবাসা তৈরি করতে এটা বিরাট ভূমিকা রাখছিল। একজন শিল্পী এবং শ্রোতা হিসেবে বলব, এ ধরনের একটা সম্মিলন মাঝে মাঝে হওয়াটা খুব জরুরি। বাঙালির কাছে কোনোকালেই ধ্রুপদি সংগীত জনপ্রিয় ছিল না; এটা রবীন্দ্রনাথ ঠাকুরই বলে গেছেন। তিনি বলেছেন, কথা ও সুরের সমন্বয়ে যে গান, সেই গানের প্রতিই বাঙালির আগ্রহ বেশি। এ দেশে এসে একসময় মেহেদী হাসান, ওস্তাদ আমানত আলী খান গজল পরিবেশন করে গজল গান খুব জনপ্রিয় করে তুলেছিলেন। পৃথিবীর বিভিন্ন দেশে আমি দেখেছি পাশাপাশি উচ্চাঙ্গ এবং পপুলার গান সমানতালে চলছে। পার্থক্য একটাই। ডিসকো বা পপুলার গানে দর্শক উন্মাতাল, কিছুটা উচ্ছৃঙ্খল। আর ধ্রুপদি গানে পিনপতন নীরবতা। এ দেশে ধ্রুপদি সংগীতের প্রতি দর্শক-শ্রোতাকে আকৃষ্ট করতে  এই উৎসব ছিল উৎকৃষ্ট। সেটি বন্ধ হয়ে যাওয়া আমার মতে ঠিক হবে না।

নিয়াজ মোহাম্মদ চৌধুরী, শর্মিলা বন্দ্যোপাধ্যায়, বাপ্পা মজুমদার
নিয়াজ মোহাম্মদ চৌধুরী, শর্মিলা বন্দ্যোপাধ্যায়, বাপ্পা মজুমদার

 নিয়াজ মোহাম্মদ চৌধুরী

সংগীতশিল্পী

এটা বলার অপেক্ষা রাখে না যে, এই উৎসবের মাধ্যমে গত কয়েক বছরে শুদ্ধ সংগীত শোনার যে সুযোগ তৈরি হয়েছিল, তা থেকে দর্শক–শ্রোতা বঞ্চিত হলেন। এটা সত্যি দুঃখজনক। 

শর্মিলা বন্দ্যোপাধ্যায়

নৃত্যশিল্পী

এই সংবাদটি সংগীতপ্রেমীদের জন্য একটা কষ্টের ব্যাপার। আমরা আমাদের শিক্ষার্থীদের সব সময় বলতাম, শুনে শুনে কান আর দেখে দেখে চোখ তৈরি করবে। গতবার যখন মাধবী মুদগাল এই উৎসবে তাঁর পরিবেশনাটি করলেন, আমার শিক্ষার্থীরা যারা উৎসবে তাঁর পরিবেশনা দেখেছিল, তারা এসে বলল, ‘আপনি যা যা বললেন, তা–ই দেখেছি মাধুবী মুদগালের পরিবেশনায়।           তিনি পুরো মঞ্চে নেচে গেলেন, কিন্তু তাঁর শরীর নড়ল না।’ মানে চেষ্টা, সাধনা, চর্চার ফলে নিজেকে তৈরি করা কীভাবে সম্ভব,  সেটা সামনে বসে দেখার সুযোগটা হয়েছিল এই উৎসবে। পাশাপাশি বলব, এই উৎসবে প্রথমে দলীয়ভাবে নাচ পরিবেশনার সুযোগ পেয়েছিল অনেক নাচের দল। এ বছর প্রথমবারের মতো সুযোগ পেতে যাচ্ছিল এককভাবে তরুণ কিছু নৃত্যশিল্পী। প্রবাদপ্রতিম শিল্পীদের পাশাপাশি একই মঞ্চে নবীনদের সুযোগ পাওয়াটা এ দেশে নৃত্যচর্চার ক্ষেত্রে একটা ইতিবাচক দিক। তাদের মানসিকতা তৈরি হচ্ছিল। সেটা থমকে যাচ্ছে। আমি আসলে খুব হতাশ।

বাপ্পা মজুমদার

সংগীতশিল্পী

আমি খুবই মর্মাহত। আসলে আর কিছু না হোক, কিছু গুণী মানুষের পরিবেশনা দেখতে পেতাম, সেটা এবার হচ্ছে না। আমার প্রশ্ন একটাই, শুনেছি, এবারও ফোক ফেস্ট হচ্ছে। যদি অন্য কোনো কারণ না থেকে থাকে, তবে ফোক ফেস্ট হতে পারলে কেন উচ্চাঙ্গসংগীত উৎসব হবে না? আমি আশা করছি, উচ্চপর্যায়ের হস্তক্ষেপে এটা এখনো সম্ভব।