শিল্পী না হলে শিক্ষক হতেন সাবিনা ইয়াসমিন

‘শিল্পী না হলে শিক্ষকতার পেশায় আসতাম’— জানিয়েছেন দেশের বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। সম্প্রতি বাংলাভিশনের জন্য নির্মিত ‘এই মন তোমাকে দিলাম’ অনুষ্ঠানের সাক্ষাৎকার পর্বে এ কথা বলেন তিনি।
সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের বর্ণাঢ্য সংগীত জীবনের শৈশব থেকে বর্তমানের গল্প উঠে আসবে এ অনুষ্ঠানের দীর্ঘ এক সাক্ষাৎকার পর্বে। আর আলাপচারিতার ফাঁকে ফাঁকে তিনি গেয়ে শোনাবেন তাঁর নিজের পছন্দের বেশ কিছু গান। ‘এই মন তোমাকে দিলাম’, ‘শুধু গান গেয়ে পরিচয়’, ‘সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য’সহ ১০টি গান গাইবেন সাবিনা।

‘এই মন তোমাকে দিলাম’ অনু্ষ্ঠানটি উপস্থাপনা করছেন দিনাত জাহান মুন্নী। সাবিনা ইয়াসমিনের সাক্ষাৎকার নেওয়ার এক পর্যায়ে মুন্নী যখন প্রশ্ন করেছিলেন, গান না করলে কি করতেন? তখন এর উত্তরে সাবিনা ইয়ামিন শিক্ষকতা করার বিষয়টি জানান ।
সাবিনা ইয়াসমিনের একক সংগীতানুষ্ঠান উপস্থাপনা করা এবং তাঁর সাক্ষাৎকার নেওয়া প্রসঙ্গে জানতে চাইলে মুন্নী বলেন, ‘আমি যেহেতু গানের মানুষ, তাই গান নিয়ে যখন ভালো কোনো অনুষ্ঠান উপস্থাপনার কথা আমাকে জানানো হয় তা না করে থাকা সম্ভব হয় না। আর যদি সেটা হয় সাবিনা ইয়াসমিনের মতো বরেণ্য শিল্পীকে নিয়ে, তাহলে তো কথাই নাই।’
মুন্নী এও বলেন, ‘এর আগে শ্রদ্ধেয় শিল্পী রুনা লায়লার একক অনুষ্ঠান উপস্থাপনা করার সৌভাগ্য আমার হয়েছিল। এবার যখন সাবিনা আপার একক অনুষ্ঠান উপস্থাপনার প্রস্তাব পেলাম, তখন সঙ্গে সঙ্গেই রাজি হয়ে গেলাম। তবে, এ অনুষ্ঠান করতে গিয়ে আরও বেশি ভালো লেগেছে, যখন গুণী এই শিল্পী তাঁর সঙ্গে আমাকেও কণ্ঠ মেলাতে বলেন।’
বাংলাভিশনের এবারের ঈদ আয়োজনে দেখা যাবে বরেণ্য শিল্পী সাবিনা ইয়াসমিনের একক সংগীতানুষ্ঠান ‘এই মন তোমাকে দিলাম’। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন কাওনাইন সৌরভ।