শিশুদের নিয়ে গাইলেন কুমার বিশ্বজিৎ

কুমার বিশ্বজিৎকোলাজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাণিজ্যের ভিড়ে ছোটদের গান যেন হারিয়েই গেছে। এমন সময়ে ছোটদের একটা গান করলেন গুণী শিল্পী কুমার বিশ্বজিৎ। ‘আমার ছোট্ট পরী’ শিরোনামের গানটিতে ব্রোকেন ফ্যামিলির একটা শিশুর গল্প বলা হয়েছে।
‘আমার ছোট্ট পরী’ গানটি সম্প্রতি অনলাইনে প্রকাশ পেয়েছে। গানের কথাগুলো এমন, ‘তুলতুলে গাল, নরম দুহাত, আমার ছোট্ট পরী/ তোকে ছাড়া যায় না থাকা, বল না রে কী করি।’ গানের কথা লিখেছেন রাফিউজ্জামান রাফি। গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন সুমন কল্যাণ। শিশুদের গানটি একটি নাটকের সূচনা সংগীত হিসেবে ব্যবহৃত হবে।

গানের গল্পটা ভীষণভাবে কুমার বিশ্বজিতের মনকে নাড়া দিয়েছে। এ প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, ‘এখন দেশে ব্রোকেন ফ্যামিলি বেড়ে যাচ্ছে। পিতামাতারা বিচ্ছেদের পরে নতুন সংসার করে। কিন্তু ভুক্তভোগী হয় শিশুরা। সে কোন পক্ষে যাবে?

বনানীতে বাপ্পা মজুমদারের স্টুডিওতে কুমার বিশ্বজিৎ
ছবি : সংগৃহীত

সামাজিকভাবে আমরা এখন বিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছি। এখন সারা বিশ্বে এক সংস্কৃতি হয়ে গেছে। আমাদের মা–বাবা একসঙ্গে সংসার করে গেছেন। কিন্তু এখনকার জেনারেশনের অনেকেই তা করছে না। এগুলো প্রতিনিয়ত আমাদের ফেস করতে হচ্ছে। এই নিয়ে গান। থিমটি আমার খুবই ভালো লেগেছে।’

কুমার বিশ্বজিৎ
ফেসবুক

কুমার বিশ্বজিৎ বলেন, ‘বড়–ছোট যা–ই বলি, মানুষের সুকুমারবৃত্তি জাগিয়ে তোলে সংগীত। এখন এই সুকুমারবৃত্তি থেকে আমরা ভিন্ন দিকে চলে যাচ্ছি। যে কারণে সংগীতের মননশীলতার দিকগুলো ক্রমেই কমে যাচ্ছে। এটাকে অন্য ব্যবসার সঙ্গে তুলনা করা হচ্ছে। ফলে বোধগুলো চলে যাচ্ছে। শুধু শিশুদের জন্যই নয়, ভালো গানের জন্য যে পৃষ্ঠপোষকতা করছে, যে গাইছে, যে লিখছে, তাদের মধ্যে সবার আগে বোধগুলো জন্মাতে হবে।’

ঢাকার উত্তরায় নিজের বাড়িতে কুমার বিশ্বজিৎ
ছবি : সংগৃহীত

কুমার বিশ্বজিৎ আরও বলেন, ‘বিশ্বায়নের যুগে বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে মূল জায়গা থেকে সরে যাচ্ছি। এখন গানের লোকেশন, মডেল, চাকচিক্যের দিক বেশি প্রাধান্য পাচ্ছে। সেখানে শিশু–কিশোরদের নিয়ে গান করার কথা কে ভাববে। এখন বৃত্তের বাইরে কেউ যাচ্ছে না। দলছুট হওয়ার কারও সাহস নেই। গানের সব ধরন একই রকম হয়ে যাচ্ছে।’