শিশুর মতো কেঁদেছিলেন
প্রথমবারের মতো গ্র্যামি অ্যাওয়ার্ডসের জন্য মনোনয়ন পেয়েছেন পপ তারকা সেলেনা গোমেজ। স্প্যানিশ অ্যালবাম ‘রেবেলাসিও’-এর জন্য বেস্ট লাতিন পপ অ্যালবাম শাখায় মনোনয়ন পেয়েছেন তিনি। আর সে খবর জানার পর আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি। শুধু কি তা–ই? ইনস্টাগ্রামে ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে কেঁদেই ফেলেছিলেন এই পপ তারকা।
অ্যানিমেশন ছবি ‘হোটেল ট্রানসিলভানিয়া: ট্রান্সফরম্যানিয়া’র প্রচারণায় ব্যস্ত সেলেনা। তারই অংশ হিসেবে এন্টারটেইনমেন্ট টুনাইটের সঙ্গে কথা বলেন তিনি। গ্র্যামির মনোনয়ন পাওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে সেলেনা গোমেজ বলেন, ‘আমি ভীষণ রোমাঞ্চিত। খবরটা শুনে রীতিমতো শিশুর মতো কেঁদে ফেলেছিলাম। এই প্রকল্পের জন্য আমাকে বেশ কষ্ট করতে হয়েছিল। তাই আমার কাছে এ এক দারুণ সারপ্রাইজ।’ শুধু সেলেনাই নন, গ্র্যামিতে মনোনয়ন পাওয়ার পর তাঁর ভক্তরাও উদ্যাপন করছেন এ অর্জন।
গ্র্যামির মনোনয়ন ঘোষণার পর সেলেনা গোমেজ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছিলেন, ‘মজা করছ? “রেবেলাসিও” গ্র্যামির জন্য মনোনীত হয়েছে! নানা কারণে এই কাজ আমার কাছে বিশেষ। দারুণ একটা দলের সঙ্গে কাজ করেছিলাম বলেই এ ঘটনা ঘটল। আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, বিশেষত আমার ভক্তদের কাছে।’ সেলেনার স্প্যানিশ ইপি (এক্সটেন্ডেড প্লে) ‘রেবেলাসিও’ প্রকাশিত হয় চলতি বছরের মার্চ মাসে। সেলেনা জানিয়েছিলেন, স্প্যানিশ অ্যালবাম করা তাঁর কাছে ছিল স্বপ্নের মতো। পাশাপাশি প্রথম স্প্যানিশ এপিতে নিজের লাতিন ঐতিহ্যের ছাপও রেখেছেন এই শিল্পী।
এই মুহূর্তে অবশ্য গানের চেয়ে অভিনয়ে বেশি ব্যস্ত সেলেনা। হুলু ওটিটির ওয়েব সিরিজ ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-এ কাজ করেছেন তিনি। সিরিজটির দ্বিতীয় মৌসুম শিগগিরই দেখা যাবে। আর ‘হোটেল ট্রানসিলভানিয়া: ট্রান্সফরম্যানিয়া’য় করেছেন কণ্ঠাভিনয়। আমাজন প্রাইম ভিডিওতে এটি মুক্তি পাবে ২০২২ সালের ১৪ জানুয়ারি।