শীর্ষ সংগীত তারকাদের পাশে পড়শীর গান

এটি হতে পারে সংগীতশিল্পী পড়শীর ক্যারিয়ারের একটি উল্লেখযোগ্য অর্জন। মূলত, বিশ্বখ্যাত সংগীত তারকাদের মিউজিক ভিডিওর জন্য বিখ্যাত ভিডিও সেবাদাতা ওয়েবসাইট ‘ভেভো’তে জায়গা করে নিল পড়শীর মিউজিক ভিডিও। তাঁর নামে খোলা ভেভো চ্যানেলে ১৭ জানুয়ারি ‘শুধু তোরে’ গানটির মিউজিক ভিডিও আপলোড করা হয়। পরদিন আই টিউনসেও আপলোড হয় একই গান।

তবে বাংলাদেশে এখনো ভেভোর কার্যক্রম চালু হয়নি বলে সরাসারি এর ওয়েবসাইটে মিউজিক ভিডিওটি দেখা যাচ্ছে না। ইউটিউবে Porshivevo লিখে খুঁজলেই মিলবে পড়শী ও জুয়েল মোর্শেদের ‘শুধু তোরে’ মিউজিক ভিডিওটি।
পড়শী বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় খবর। বিশ্বের বড় বড় গায়কের সঙ্গে আমার গান দেখা যাবে। তবে আমি মনে করি, এটা আসলে আমার ভাইয়ারও কৃতিত্ব।’
পড়শীর বড় ভাই সিয়াত এহসান বলেন, ‘আমরা মাস দেড়েক আগে পড়শীর পাঁচটি মিউজিক ভিডিও পাঠাই ভেভোর কাছে। যাচাই-বাছাই করে সেখান থেকে একটি আপলোড করে ভেভো কর্তৃপক্ষ। বাকি চারটিও আপলোড করা হবে বলে জানিয়েছে তারা।’
এখন পড়শী বেশ কয়েকটি সিনেমায় প্লেব্যাক ও কনসার্ট নিয়ে ব্যস্ত আছেন। একই সঙ্গে মেন্টাল নামে একটি সিনেমায় অভিনয়ের প্রস্তুতিও নিচ্ছেন তিনি।