শীর্ষে অ্যাডেলের 'হ্যালো'

‘হ্যালো’ গানটির সুবাদে টানা দুই সপ্তাহ ধরে বিলবোর্ড টপচার্টের শীর্ষে রয়েছেন ব্রিটিশ সংগীতশিল্পী অ্যাডেলে। ‘স্কাইফল’খ্যাত অস্কারজয়ী ব্রিটিশ গায়িকা অ্যাডেলের ‘হ্যালো’ গানটি ২৩ অক্টোবর মুক্তি পাওয়ার পর থেকেই সমালোচকদের নজর কাড়তে সক্ষম হয়েছে।
যুক্তরাজ্য ছাড়াও অন্যান্য ২৬টি দেশের টপচার্টে গানটি নিজের জয়গান গাইছে। এদিকে, ‘হ্যালো’র মিউজিক ভিডিওটিতে অ্যাডেলের সঙ্গে অভিনয় করেছেন ত্রিস্তান ওয়াইল্ডস। আবার এরই মধ্যে ‘হ্যালো’ গানটি ইউটিউবে ৩৮ কোটি বার দেখা হয়েছে।
ইউটিউবে ‘হ্যালো’ গানটি টপচার্টের বাইরেও নতুন দুইটি রেকর্ড সৃষ্টি করেছে। মুক্তির ২৪ ঘণ্টায় হ্যালো গানটি দেখা হয়েছে ২৮ মিলিয়ন বার এবং তা সবচেয়ে দ্রুততম সময়ে ১০০ মিলিয়নের মাইলফলক স্পর্শ করেছে। এর আগে এই রেকর্ড দুটি ছিল যথাক্রমে টেইলর সুইফট এবং মাইলি সাইরাসের দখলে।
এদিকে, বিলবোর্ড টপচার্টের দ্বিতীয় অবস্থানে আছে কানাডিয়ান শিল্পী ড্রেক-এর ‘হটলাইন’ গানটি। টপচার্টে স্থান করে নেওয়া এটিই তাঁর প্রথম গান।
তৃতীয় অবস্থানটি দখলে রয়েছে কানাডিয়ান শিল্পী দ্য উইকন্ড-এর। ‘দ্য হিলস নামের গানটি চার্টে ২৪ সপ্তাহ অবস্থান করে এখনো শ্রোতাদের আগ্রহ ধরে রেখেছে।
চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে জাস্টিন বিবারের চতুর্থ অ্যালবাম ‘পারপাস’-এর দুইটি গান; ‘স্যরি’ ও ‘হোয়াট ডু ইউ মিন’। বিবিসি। বিলবোর্ড ম্যাগাজিন।