শুক্রবার সকালে বর্ষা উৎসব
বিগত কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় বর্ষা উৎসবের আয়োজন করেছে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। আগামীকাল শুক্রবার সকাল সাতটায় শিল্পী বিজন চন্দ্র মিস্ত্রির উচ্চাঙ্গসংগীত পরিবেশনের মধ্য দিয়ে ‘বর্ষা উত্সব ১৪২৪’ শুরু হবে বলে জানিয়েছেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী।
এবারের বর্ষা উৎসবে একক সংগীত পরিবেশন করবেন মহিউজ্জামান চৌধুরী, শ্যামা রহমান, আবু বকর সিদ্দিক, সমর বড়ুয়া, রত্না সরকার, ফয়েজুল বারী, শ্রাবণী গুহ রায়সহ আরও অনেকে। দলীয় নৃত্য পরিবেশন করবে নৃত্যজন, নৃত্যাক্ষ, নৃত্য মঞ্চ, বুলবুল ললিতকলা একাডেমি, স্পন্দন, বাংলাদেশ ফাইন আর্টসের (বাফা) শিল্পীরা। একক আবৃত্তি পরিবেশন করবেন রফিকুল ইসলাম, শিমুল মুস্তাফা, নায়লা তারান্নুম চৌধুরী ও মাশকুর-এ-সাত্তার। দলীয় সংগীত পরিবেশন করবে পঞ্চভাস্কর, সমস্বর, বহ্নিশিখা ও সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শিল্পীরা।