শুধুই গুঞ্জন?

২৪ অক্টোবর ছিল কানাডীয় র্যাপার ড্রেকের জন্মদিন। ৩০তম জন্মদিন উদ্যাপন করতে কাছের অনেক বন্ধুকেই দাওয়াত দিয়েছিলেন এই তারকা। আমন্ত্রিত ব্যক্তিদের তালিকায় ছিলেন টেলর সুইফটও। খবর শুধু এটুকু হলে চলত। ড্রেকের একটি কাজের জন্য খবর গড়িয়েছে অন্যদিকে। জন্মদিনের পার্টিতে ড্রেক তাঁর মায়ের সঙ্গে সুইফটের পরিচয় করিয়ে দিয়েই ঝামেলা বাঁধিয়েছেন। এরপর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল, সুইফটকে মন দিয়ে দিয়েছেন ড্রেক। এখন এই গায়িকাকে তিনি ভাবছেন বন্ধুর থেকে বেশি।
স্প্যানিশ ডিজে কেলভিন হ্যারিসের সঙ্গে বিচ্ছেদ করে পপ গায়িকা সুইফট প্রেমে জড়িয়েছিলেন অভিনেতা টম হিডেলস্টোনের সঙ্গে। মাত্র তিন মাস টিকে ছিল সেই সম্পর্ক। কিন্তু এত অল্প সময়ের মধ্যেই দুজন বেশ ঘনিষ্ঠ হয়ে গিয়েছিলেন। এমনকি সুইফটের সঙ্গে টম তাঁর মায়েরও পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাঁরা একসঙ্গে বেশ কিছু সময়ও কাটিয়েছিলেন। যদিও তখন পর্যন্ত তাঁদের দুজনের কেউই নিজেদের প্রেমের কথা সরাসরি স্বীকার করেননি।
তাই এই দফা দুইয়ে দুইয়ে চার মেলানোর চেষ্টা করছেন অনেকে। ড্রেক যেহেতু তাঁর মা আর কাছের কয়েকজন বন্ধুর সঙ্গে টেলর সুইফটকে বিশেষভাবে পরিচয় করিয়ে দিয়েছেন, তাই গুঞ্জন উঠেছে তাঁরা প্রেম করছেন। কিন্তু টিএমজেড পত্রিকা এখন বলছে, তাঁরা শুধুই বন্ধু, প্রেমের বিষয়টি স্রেফ গুঞ্জন।
ড্রেক আর সুইফটের ঘনিষ্ঠতা অবশ্য নতুন নয়। ২০১৩ সালে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে তাঁদের পরিচয়। সে সময় একসঙ্গে দুজন অনেক ঘোরাফেরা করেছিলেন বলেও জানা যায়। টিএমজেড