শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন ইমন

গতকাল ঘোষণা করা হয়েছে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এতে ‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য সেরা গায়িকার পুরস্কার পেয়েছেন কলকাতার কণ্ঠশিল্পী ইমন চক্রবর্তী। দুই বাংলার শুভেচ্ছায় ভেসে যাচ্ছেন তিনি। একটি গান তাঁকে এভাবে ভরিয়ে তুলবে, এ তিনি কখনো ভাবেননি।
ইমন চক্রবর্তী জানালেন, বিভিন্ন অঙ্গন থেকে তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন সবাই। শুভেচ্ছা জানাচ্ছেন ফেসবুক ও মুঠোফোনে। এরই মধ্যে গত রাতে কলকাতার একটি প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে ফেসবুক লাইভে প্রথমবারের মতো কথা বলেন ইমন। অভিনন্দনের জন্য ধন্যবাদ জানান সবাইকে। আজ সকালে মুঠোফোনে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের সংস্কৃতিমন্ত্রী অরূপ বিশ্বাস। ইমন জানান, শিগগির পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন তিনি। মুঠোফোনে প্রথম আলোকে ইমন বলেন, ‘এই প্রথমবারের মতো জাতীয় পুরস্কার পেলাম আমি ও অনুপমদা। ভীষণ ভালো লাগছে। বাংলাদেশকে আমি সব সময় নিজের দেশ মনে করি। এই পুরস্কার আমি কলকাতা ও বাংলাদেশের সব সংগীতপ্রেমী মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই।’
উল্লেখ্য, ‘তুমি যাকে ভালোবাসো’ গানটির সেরা গীতিকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন শিল্পী ও গীতিকার অনুপম রায়। এ ছাড়া এ গানের জন্য কিছুদিন আগে ফিল্মফেয়ার ও রেডিও মিরচি পুরস্কার পেয়েছেন ইমন চক্রবর্তী। এরই মধ্যে ঢাকায় গান গেয়ে গেছেন ইমন। জানিয়েছিলেন, ঢাকার সঙ্গে আরও বেশ কিছু কাজের পরিকল্পনার কথা। আগামী ৩ মে তাঁর হাতে তুলে দেওয়া হবে ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সেরা গায়িকার পুরস্কার।