শুভ্র দেব এবং গোল্ডেন কালেকশন

সংগীতশিল্পী শুভ্র দেবের প্রথম একক গানের অ্যালবাম হ্যামিলনের সেই বাঁশিওয়ালা, প্রকাশিত হয় ১৯৮৪ সালে। গত বছরের শেষ দিকে প্রকাশিত হয় জলছবি অ্যালবামটি। সব মিলিয়ে এখন পর্যন্ত তাঁর ২৬টি একক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। এবার সেই ২৬ একক থেকে বাছাই করা গান নিয়ে নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন শুভ্র দেব। নতুন সংগীতায়োজনে এই অ্যালবামের কাজ এরই মধ্যে শেষ হয়ে গেছে। শুভ্র দেব তাঁর এই সংকলিত অ্যালবামের নাম রেখেছেন গোল্ডেন কালেকশন-১ এবং গোল্ডেন কালেকশন-২।
সিডি আকারে এবং ডিজিটালভাবে অ্যালবামটি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন শুভ্র দেব। বললেন, ‘শুরুতে পয়লা বৈশাখে অ্যালবামটি ছাড়ার পরিকল্পনা করেছিলাম। সেভাবেই সব প্রস্তুতিও ছিল। কিন্তু কৌশলগত কিছু কারণে আপাতত অ্যালবামটি প্রকাশে আরও কিছুদিন সময় নিচ্ছি।’
গোল্ডেন কালেকশন অ্যালবাম প্রকল্পটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন আজম বাবু। আর গানগুলোর নতুন সংগীতায়োজনে কাজ করেছেন জেকে, পঙ্কজ, রকেট মণ্ডল, রাজেশসহ আরও অনেকে।