শুভ্র দেবের জলছবি

তিন বছর পর প্রকাশ হচ্ছে শুভ্র দেবের নতুন গানের অ্যালবাম ‘জলছবি’। তিন বছর ধরেই নতুন অ্যালবামের গানগুলো নিয়ে দারুণ ব্যস্ত সময় কাটিয়েছেন শুভ্র দেব। এবার শ্রোতাদের হাতে তা তুলে দিতে পেরে বেশ আনন্দিত তিনি। এর আগে অবশ্য ‘জলছবি’ অ্যালবামের গানগুলো ডিজিটালি মুক্তি পেয়েছিল।
জলছবি শুভ্র দেবের ২৬তম একক অ্যালবাম। নতুন অ্যালবামের গানগুলো আগের সব অ্যালবামের গান থেকে অনেকটা আলাদা বলেই জানিয়েছেন শুভ্র দেব। অ্যালবাম প্রসঙ্গে বললেন, ‘অনেক সময় নিয়ে কাজ করেছি। সেরা গীতিকার-সুরকার ও সংগীত পরিচালকেরাই আমার এই অ্যালবামে কাজ করেছেন। গানের কথায় রয়েছে গভীরতা। সুরে আছে বৈচিত্র্য। এটাও নিশ্চিতভাবে বলতে পারি, আমার এই অ্যালবামে শ্রোতারা একেবারে নতুন সাউন্ডের সঙ্গে পরিচিত হতে পারবেন।’
‘জলছবি’ প্রসঙ্গে শুভ্র দেব বলেন,‘ মানুষের জীবনের সুখ-দুঃখের প্রতিচ্ছবি আমার গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আটটি গানের সবকটি গানই কোনো না কোনো দিক থেকে শ্রোতাদের মধ্যে ভালো লাগার জন্ম দেবেই।’
‘জলছবি’ অ্যালবামটি সিডি আকারে প্রকাশ করছে লেজার ভিশন। আর ডিজিটালি পরিবেশনার দায়িত্বে আছে কাইনেটিক মিউজিক।
শুভ্র দেব নতুন অ্যালবামের কাজেও হাত দিচ্ছেন। গোল্ডেন কালেকশন-০১ শিরোনামের এই অ্যালবামে বিভিন্ন সময়ে গাওয়া জনপ্রিয় গানগুলোর নতুনভাবে উপস্থাপন থাকবে বলে জানান শুভ্র দেব।