শুরু হচ্ছে আন্তর্জাতিক লোকসংগীত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎ​সবের সংবাদ সম্মেলনে আয়োজকেরা
ঢাকা আন্তর্জাতিক লোকসংগীত উৎ​সবের সংবাদ সম্মেলনে আয়োজকেরা

দ্বিতীয়বারের মতো ঢাকায় শুরু হতে যাচ্ছে আন্তর্জাতিক লোকসংগীত উৎ​সব। আগামী ১০ থেকে ১২ নভেম্বর বনানীর আর্মি স্টেডিয়ামে চলবে তিন দিনের এ উৎ​সব। বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশের লোকসংগীতশিল্পী ও গানের দল এ উৎ​সবে যোগ দেবে। আজ রোববার সকালে ঢাকার একটি তারকা হোটেলে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে উৎ​সবের তথ্য জানায় উৎ​সবের আয়োজক সান ইভেন্টস। তবে এবারের উৎ​সবে কোন কোন শিল্পী গান করবেন, তা এখনো নিশ্চিত করেনি আয়োজক প্রতিষ্ঠানটি।

আয়োজক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বলেন, ‘বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত ক্ল্যাসিক্যাল ফেস্ট দেখেই আমরা এ অনুষ্ঠানটি আয়োজনের আইডিয়া পেয়েছি। বিনা মূল্যে মানুষকে গান শোনানোর ওই আয়োজনটি আমাদের ভালো লেগেছিল। আমরা তাই শিকড়ের গান নিয়ে উৎ​সবের আয়োজন করেছি। প্রথমবার মানুষ যেভাবে সাড়া দিয়েছেন, তাতে আমরা অভিভূত। আমরা এ উৎ​সব চালিয়ে যেতে চাই।’
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে এবারের উৎ​সবে সম্পৃক্ত থাকার অনুভূতি ব্যক্ত করেন গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আযমান, ঢাকা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক এমরানুল হক, মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির ও বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের।
পয়লা নভেম্বর থেকে নিবন্ধন শুরু
উৎ​সবে যোগ দিতে পারবেন যে–কেউ। এ জন্য পয়লা নভেম্বর থেকে DHAKAINTERNATIONALFOLKFEST.COM ওয়েবসাইটে বিনা মূল্যে নিবন্ধন করা যাবে। এ জন্য প্রয়োজন হবে ছবিসহ যেকোনো পরিচয়পত্র, যেমন: পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর বা স্কুল-কলেজের পরিচয়পত্র। সফলভাবে নিবন্ধনের পর পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রবেশপত্রটি প্রিন্ট করতে হবে, যা উৎ​সবস্থলে প্রবেশপত্র হিসেবে ব্যবহার করা যাবে। ফেসবুকে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’ পাতাটিতেও আয়োজনের তথ্যাদি পাওয়া যাবে। অনুষ্ঠানটি সরাসরি প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। এ ছাড়া আয়োজকদের ফেসবুক পাতা ও নিজস্ব ইউটিউব চ্যানেলে অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে। আরও তথ্য জানা যাবে ১৬৩৭৪ নম্বর।
দর্শকদের জানা প্রয়োজন
সবার জন্য উন্মুক্ত এ উৎ​সব সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে চলবে রাত ১২টা পর্যন্ত। ভেন্যুতে প্রবেশের জন্য প্রতিদিনই ই-টিকিট দেখাতে হবে। সঙ্গে কোনো ব্যাগ রাখা যাবে না। নারীদের ক্ষেত্রে ৮/১০ ইঞ্চি ব্যাগ রাখার সুযোগ দেওয়া হবে। অনুষ্ঠানস্থল থেকে একবার বের হলে পুনরায় আর ভেতরে ঢোকা যাবে না। ১০ বছরের নিচে কাউকে ভেন্যুতে আনতে নিরুৎ​সাহিত করা হয়েছে। অনুষ্ঠান শেষে আর্মি স্টেডিয়াম ​থেকে নির্দিষ্ট গন্তব্যের বাস থাকবে। প্রত্যেকের সঙ্গে ছবিসংবলিত পরিচয়পত্র রাখার অনুরোধ করা হয়েছে। বাইরে থেকে আনা খাবার ও পানীয় সম্পূর্ণ নিষিদ্ধ। ভেন্যুর ভেতরে নির্দিষ্ট অর্থ পরিশোধ করে খাবার সংগ্রহ করা যাবে। তবে বিশুদ্ধ পানি মিলবে বিনা মূল্যে। অনুষ্ঠানস্থলে ধূমপান ও যেকোনো ধরনের তামাক ও তামাকজাত দ্রব্য নিয়ে প্রবেশ নিষিদ্ধ। অনুষ্ঠানস্থলে পেশাদার ক্যামেরায় চিত্রগ্রহণ ও সাউন্ড রেক​র্ডিংয়ের কোনো উপকরণ ব্যবহার করা যাবে না। দর্শক-শ্রোতাদের অসুবিধে হয় ও মনযোগে ব্যাঘাত ঘটায়, এমন কোনো বস্তু পেলে আয়োজকেরা তা বাজেয়াপ্ত করা ও সরিয়ে নেওয়ার অধিকার রাখে। কোনো পূর্ববিজ্ঞপ্তি ছাড়া আয়োজকেরা শিল্পীদের পরিবেশনার সময়সূচি পরিবর্তন করতে পারেন। কোনো পার্কিংয়ের ব্যবস্থা থাকবে না।
এবারের পৃষ্ঠপোষক
ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট ২০১৬-এর টাইটেল স্পনসর মেরিল, ইন অ্যাসোসিয়েশন উইথ জিপি মিউজিক, পাওয়ার্ড বাই ঢাকা ব্যাংক লিমিটেড, সাপোর্টেড বাই মাইক্রোসফট বাংলাদেশ, ব্রডকাস্ট পার্টনার মাছরাঙা টেলিভিশন, ফুড পার্টনার রাঁধুনী, লজিস্টিক পার্টনার বেঙ্গল ডিজিটাল, ওয়াই–ফাই পার্টনার আমরা কোম্পানিজ, রেডিও পার্টনার রেডিও দিনরাত, পিআর পার্টনার মিডিয়াকম, মেডিকেল পার্টনার স্কয়ার হসপিটালস লিমিটেড, সিকিউরিটি পার্টনার এইজিস সিকিউরিটি ফোর্স, হসপিটালিটি পার্টনার দ্য ওয়েস্টিন ঢাকা ও নিবন্ধন পার্টনার সহজ ডটকম।