শুরু হলো 'রেশ'

দেশের দুস্থ ও অসুস্থ শিল্পীদের পাশে দাঁড়ানোর জন্য ফাউন্ডেশন গড়লেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। তাঁর নেতৃত্বে রেশ ফাউন্ডেশন নামের একটি প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। এই প্রতিষ্ঠানে তিনি সভাপতির দায়িত্বে থাকছেন।
৪ জুন সরকারিভাবে এটি নিবন্ধিত হয়েছে। দেশীয় সংগীতের প্রচার ও প্রসার, বিশুদ্ধ সংগীতচর্চা, সংগীতের সঙ্গে যুক্ত পেশাজীবী মানুষের জীবনতথ্য, বিভিন্ন সংকটে শিল্পীদের পাশে গিয়ে দাঁড়াতে ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের মতো লক্ষ্য সামনে রেখে সংগীত পরিচালক ফরিদ আহমেদ গত বছরের ১৩ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রেশ নামে একটি গ্রুপ গড়ে তোলেন। এতে দেশের কণ্ঠশিল্পী, গীতিকবি, সুরকার-সংগীত পরিচালক ও যন্ত্রসংগীতশিল্পীদের ফটো আর্কাইভ করা হয়েছে। এতে রয়েছে তাঁদের ছবি ও সংক্ষিপ্ত পরিচিতি। ওই গ্রুপেরই প্রাতিষ্ঠানিক রূপ হলো রেশ ফাউন্ডেশন।
বছর দুয়েক ধরে ডিসট্রেসড চিলড্রেন অ্যান্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনালের (ডিসিআই) সঙ্গে যুক্ত আছেন সাবিনা ইয়াসমীন। এই প্রতিষ্ঠানের হয়ে তিনি দুস্থ শিশুদের জন্য কাজ করছেন। এ ছাড়া মাদকবিরোধী আন্দোলনের অংশ হিসেবে যুক্ত আছেন ‘মানুষ’-এর সঙ্গেও। তাঁর নতুন এই সংগঠনটি নিয়ে সাবিনা বললেন, ‘গানের পাশাপাশি সামাজিক কাজকর্ম করার ইচ্ছা বহুদিনের। আমার সব সময় চেষ্টা থাকে দুস্থ ও অসুস্থ শিল্পীদের পাশে থাকার। রেশ ফাউন্ডেশন থেকে যখন আমাকে বলা হলো, কোনো কিছু চিন্তা না করে জানিয়ে দিলাম, তাদের সঙ্গে আছি। এভাবে শুরু হলো।’
গত শনিবার সন্ধ্যায় ঢাকার ইস্কাটনের একটি রেস্তোরাঁয় রেশ ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ সদস্যরা সাংবাদিকদের সামনে তাঁদের উদ্দেশ্য ও আদর্শের কথা তুলে ধরেন।