‘শেখানোর চেয়ে শিখতে বেশি পছন্দ করি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানভীর আলম সজীব। ছবি: প্রথম আলো

মহামারিতে সবার মতো ঘরবন্দী ছিলেন শিল্পী তানভীর আলম সজীবও। তবে বসে থাকেননি তিনি, ব্যস্ত ছিলেন নানা কাজে। চার রুমের বাসার দুটি রুম পুরোপুরি ঢেকে ফেলেছিলেন কালো কাপড়ে। সেখানে যাতায়াত করেছেন সংগীতাঙ্গনের অনেকেই। কী হচ্ছিল সেখানে?

সম্প্রতি নতুন একটি মৌলিক গান রেকর্ড করেছেন সজীব। হোসনে আরা জলির কথা, বিনোদ রায়ের সুরে ‘আমার শহর’ শিরোনামে এ গানের সংগীতচিত্র তৈরি করছেন তিনি নিজেই। সাম্প্রতিক কাজ নিয়ে আলাপে প্রথম আলোকে তিনি বলেন, ‘পারিবারিক একটা দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছি। পাশাপাশি মৌলিক গান করছি বলে একটু অন্য রকম এক অনুভূতির মধ্য দিয়ে যাচ্ছি।’ সম্প্রতি গালিব সরদারের কথা, মুনতাসির তুষারের সুর ও সংগীতায়োজনে ‘হঠাৎ বৃষ্টি’ শিরোনামে একটি মৌলিক গান গেয়েছেন সজীব। ইউটিউব চ্যানেল আক্ষর-এ গানটি প্রকাশিত হয়েছে। তবে ‘আমার শহর’ প্রকাশিত হবে সজীবের নিজের চ্যানেলে। তিনি বলেন, ‘আমার জন্য দুজন শিল্পী গান করেছেন, আমি গাইলাম। এই প্রথম অন্য রকম এক রোমাঞ্চে ডুবে আছি।’

তানভীর আলম সজীব

নাগরিক টিভির জন্য ‘গানওয়ালা’ নামে একটি অনুষ্ঠান করতেন সজীব। সেখানে অতিথি শিল্পীরা গাইতেন, সঞ্চালক সজীবও সে অনুষ্ঠানে গান করতেন। তবে পরে ‘গানওয়ালার আড্ডা’ নামে একটি অনুষ্ঠান শুরু করেন তিনি। সেই অনুষ্ঠানের শুটিং হতো তাঁর বাসার দুই ঘরে। কালো কাপড়ে মোড়া সেই ঘর দুটিতে এরই মধ্যে হাজির হয়েছিলেন বেশ কয়েকজন শিল্পী।

এ অনুষ্ঠান ও স্টুডিও প্রসঙ্গে সজীব বলেন, ‘প্যানডেমিকের আগে একটা গান করলাম, “ভাল্লাগে না”। প্যানডেমিকে দেখলাম, সত্যিই ভাল্লাগে না। তাই ঘরের ভেতর স্টুডিও করে ফেললাম। স্বাস্থ্যবিধি মেনে সেখানে অনেকেই এসেছিলেন।’ কেন এ অনুষ্ঠান? তিনি বলেন, ‘নিজের সঙ্গে নিজের বোঝাপড়ার জন্য, নিজের সঙ্গে কথপোকথনের জন্য। আমার অনুষ্ঠানে আমিই ছিলাম অতিথি। পরে দেখলাম, যাঁরা ভালো গান গান, যাঁদের সঙ্গে আমি কাজ করেছি, তাঁদের সঙ্গে আড্ডা দেওয়া যায়। কেউ কেউ বাসা থেকে যুক্ত হয়েছেন এ আড্ডায়। ৫২টি পর্ব ইতিমধ্যে আমার চ্যানেল “সজীব”-এ পোস্ট করা হয়েছে। ৫২তম পর্বে আমার সঙ্গে আড্ডা দিয়েছেন নন্দিতা, ঋতুরাজ, সুকন‍্যা ও পিন্টু ঘোষ। সেখানে আড্ডা হয়েছে, গান হয়েছে, আনন্দ হয়েছে।’

তানভীর আলম সজীব

কার সঙ্গে আড্ডা দিতে বেশি ভালো লাগল? সজীব বলেন, ‘আমি প্রচণ্ড নার্সিসিস্ট, একই সঙ্গে ডিপ্লোম্যাট একজন মানুষ। জানি, দুটি একত্রে যায় না। সবার সঙ্গে আড্ডা দিতেই ভালো লাগে আমার। কারণ, আমি শেখানোর চেয়ে শিখতে বেশি পছন্দ করি।’
সজীবকে শেষ দেখা গিয়েছিল মুজিব জন্মশতবর্ষের অনুষ্ঠান মুজিব চিরন্তন–এ। শিল্পী শাহীন সামাদ, ইয়াসমীন মুশতারী, পিন্টু ঘোষ, সুকন্যা, নন্দিতা ও ঋতুরাজকে নিয়ে তিনটা নজরুলসংগীত করেছিলেন তিনি। শিগগিরই তাঁর ইউটিউব চ্যানেলে শোনা যাবে ‘আমার শহর’ গানটি।