শেষ মুহূর্তটি কিংবদন্তির সরোদে ভাস্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎ​সবের সমাপনী অনুষ্ঠানে সরোদে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন ওস্তাদ আমজাদ আলী খাঁ l প্রথম আলো
বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎ​সবের সমাপনী অনুষ্ঠানে সরোদে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেন ওস্তাদ আমজাদ আলী খাঁ l প্রথম আলো

গোয়ালিয়র ঘরানার জীবন্ত কিংবদন্তি সরোদিয়া ওস্তাদ আমজাদ আলী খাঁ প্রথমবারের মতো বেঙ্গল উচ্চাঙ্গ-সংগীত উৎসবে বাজালেন। আগের দুবারের উৎসবে তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি। এ নিয়ে গণমাধ্যমে তিনি নিজের অভিমানের কথা বলেছেন। আমজাদ আলী খাঁকে না পেয়ে অতৃপ্তি ছিল ঢাকার দর্শক-শ্রোতাদেরও।
সোমবার রাতের শেষ ভাগে উৎসবের সর্বশেষ শিল্পী হিসেবে মঞ্চে উঠে হাজার হাজার শ্রোতার করতালিতে যেন সব অভিমান ভুলে গেলেন শিল্পী আমজাদ আলী। আক্ষেপÿঘুচে গেল উপস্থিত শ্রোতাদেরও।
আমজাদ আলী খাঁর বাজনা আর দর্শক-শ্রোতাদের তুমুল করতালি ও হর্ষধ্বনির মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব ২০১৪। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। তিনি বলেন, ‘এবারের উৎসবে আমরা হারিয়েছি আমাদের প্রিয় শিল্পী কাইয়ুম চৌধুরীকে। তিনি গান ভালোবাসতেন প্রচণ্ডভাবে। প্রতি রাতেই শেষ পর্যন্ত উপস্থিত থেকেছেন সংগীতপিপাসু এই শিল্পী। তাই তিনি আমাদের মাঝে না থাকলেও আমরা তাঁকে স্মরণে রাখব এই গানের মাধ্যমেই। আগামী বছরের উৎসব তাঁকেই উৎসর্গ করা হবে।’
সর্বশেষ শিল্পী হিসেবে মঞ্চে উঠে আমজাদ আলী খাঁ তাঁর বাজনা সদ্য প্রয়াত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীকে উৎসর্গ করার কথা জানালেন। এরপর বললেন, ‘আমার বাবা ওস্তাদ হাফিজ আলী খাঁর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সখ্য ছিল। সে জন্য রবীন্দ্রসংগীতশিল্পী প্রয়াত সুচিত্রা মিত্রকে নিয়ে রবীন্দ্রসংগীতের একটি অ্যালবাম আমি করেছিলাম। তিনি গেয়েছিলেন, আমি বাজিয়েছিলাম। সেই উৎসাহে আজ রাগ খাম্বাজ পরিবেশন করব। কারণ, রবীন্দ্রনাথের বেশ কিছু গান ছিল খাম্বাজ রাগে বাঁধা। সবশেষে পরিবেশন করব ভৈরবী।’
এরপর পুরো আর্মি স্টেডিয়ামে পিনপতন নিস্তব্ধতার মধ্যে সরোদের তারে টোকা দিলেন সরোদসম্রাট আমজাদ আলী খাঁ। তাঁর বাঁ পাশে বসলেন পাখোয়াজশিল্পী ফতেহ সিং গাংগানি, ডানে তবলাশিল্পী সত্যজিৎ তালওয়ালকর। শিল্পী আলাপে বেশি সময় নিলেন না। সংক্ষিপ্ত আলাপ শেষে চলে গেলেন গৎ-এ। সেখানে গিয়ে বিশেষ কোনো তালে আটকে থাকলেন না। ঘন ঘন তাল পরিবর্তন করে শোনালেন খাম্বাজের বিভিন্ন প্রকার। এমনকি শোনালেন রবীন্দ্রসংগীতের সুর ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে’। মাঝে রাগ যোগিয়া হয়ে ভাটিয়ালির সুরেও ঘুরে বেড়ালেন কিছুক্ষণ। সবশেষে পরিবেশন করলেন ভৈরবী। ভৈরবীর সুর যখন শেষ হলো, তখন হেমন্তের নরম কুয়াশায় ভর করে ভোর নেমেছে। দেহ-মনে সুরের মায়া মেখে ঘরে ফিরলেন হাজার হাজার দর্শক-শ্রোতা।
আমজাদ আলী খাঁর আগে ধ্রুপদে বেহাগ রাগ গেয়ে শোনান পণ্ডিত উদয় ভাওয়ালকর। উপমহাদেশ খ্যাত ডাগর ঘরানার জিয়া মহিউদ্দিন ডাগরের অন্যতম শিষ্য উদয়ের পরিবেশনাও ছিল প্রাণবন্ত। তাঁর সঙ্গে পাখোয়াজ বাজান প্রতাপ আওয়াদ। এর আগে রাগ যোগ পরিবেশন করেন উৎসবে প্রথমবারের মতো যোগ দেওয়া আরেক শিল্পী অশ্বিনী বিড়ে দেশপান্ডে। অশ্বিনী বিড়ের আগে বাঁশি বাজিয়ে শোনান বাংলাদেশের শিল্পী এম মনিরুজ্জামান।
স্কয়ার নিবেদিত বেঙ্গল ফাউন্ডেশন আয়োজিত উচ্চাঙ্গসংগীতের পাঁচ দিনের মহোৎসবে সার্বিক সহায়তা দিয়েছে ব্র্যাক ব্যাংক, প্রথম আলো, ডেইলি স্টার, এবিসি রেডিও এবং মাছরাঙা টেলিভিশন।