শেষ হলো 'যমুনা-বামবা ঈদ কনসার্ট'
‘যমুনা-বামবা ঈদ কনসার্ট’ শেষ হলো গতকাল শনিবার। যমুনা ফিউচার পার্কে আয়োজিত তিন দিনের এই কনসার্টে অংশ নিয়েছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) ২৪টি ব্যান্ড। ব্যান্ডগুলো হলো নগরবাউল, মাইলস, এলআরবি, সোলস, ফিডব্যাক, রেনেসাঁ, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, ওয়ারফেজ, প্রমিথিউস, দলছুট, অর্থহীন, ক্রিপটিক ফেইট, শিরোনামহীন, মেটাল মেইজ, পাওয়ার সার্জ, মেকানিক্স, নেমেসিস, আর্বো ভাইরাস, রেডিও অ্যাক্টিভ, বেদুঈন, নাগরিক, দৃক ও ডার্ক। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত প্রতিদিন এই কনসার্টে গান গেয়েছে আটটি ব্যান্ড।
এই আয়োজন প্রসঙ্গে বামবার সভাপতি হামিন আহমেদ বলেন, ঈদে এবারই প্রথম আমরা রক উৎসব আয়োজন করেছি।
এলআরবির প্রধান আইয়ুব বাচ্চু বলেন, বাংলাদেশের রক মিউজিকের ইতিহাসে এ ধরনের আয়োজন এবারই প্রথম।
কনসার্টের অন্যতম আয়োজক যমুনা টিভির অনুষ্ঠান-প্রধান সুপন রায় বলেন, কথা ছিল ঈদের দিন থেকে এই কনসার্ট হবে। তবে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে একটু সময় দরকার। তা ছাড়া ঈদের দিন ঢাকায় অনেক ধরনের কার্যক্রম থাকে। তাই আয়োজকদের সবার মতামত নিয়ে কনসার্টটি দুই দিন পিছিয়ে দেওয়া হয়।
কনসার্টটি পৃষ্ঠপোষকতা করেছে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি। আর তা সরাসরি সম্প্রচার করেছে যমুনা টিভি।