
অকারণ বিষণ্নতার সংগীত ঘরানা ‘ব্লুজ’ দিয়ে শুরু হলো তৃতীয় ও শেষ দিনের উৎসব। ‘জ্যাজ অ্যান্ড ব্লুজ ফেস্টিভ্যাল ২০১৫’-এর শেষ দিন ছিল গতকাল শনিবার। সন্ধ্যায় মঞ্চের বাতি জ্বললেই বাজানো শুরু করে ভারতের মেঘালয় রাজ্যের ব্যান্ডদল ‘সোলমেট’। ভারতের শিলংয়ে ব্লুজ এবং রক গানের চর্চা ও জনপ্রিয়তা তুঙ্গে। সবুজ ওই রাজ্য মাতিয়ে রাখা এ দলটি এই উৎসব উপলক্ষে ঢাকার ব্লুজ শ্রোতাদের মাতিয়ে রাখল নিজেদের কিছু গান দিয়ে।
বাজনা শুরুর আগেই আয়োজকেরা জানিয়ে দিলেন, আগে কখনো জ্যাজ ও ব্লুজ যাঁরা শোনেননি, এই উৎসব উপভোগ করতে তাঁদের কোনো সমস্যাই হবে না। শুদ্ধ ব্লুজ ও জ্যাজ গানের সঙ্গে ঢাকার শ্রোতাদের পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন করেছেন তাঁরা। যদি ভালো লাগে, এই আয়োজন অব্যাহত থাকবে। আর প্রতিবছর নতুন নতুন এবং বিশ্বখ্যাত সব জ্যাজ ও ব্লুজ শিল্পীকে আমন্ত্রণ জানানো হবে এই মাঠে।
গতকাল সন্ধ্যায় রাজধানীর বিজয় সরণির সামরিক জাদুঘর মাঠ প্রাঙ্গণে শেষ দিনের এই আয়োজনে একগুচ্ছ গান শোনাল সোলমেট। দলটির নারী শিল্পী ও লিড গিটারিস্ট তিপৃতী টিপস এবং রুডি ওয়ালাং মিলে গেয়ে শোনালেন প্রায় ১২টি গান। নিজেদের দলের গান ‘সেট মি ফ্রি’, ‘আইল বি অ্যারাউন্ড’, ‘লাই’ ছাড়াও তাঁরা শোনান এট্টা জেমসের গান ‘ব্লুজ ইজ মাই বিজনেস’। এ ছাড়া বিশ্বের বেশ কজন জনপ্রিয় ব্লুজ গায়কের গাওয়া ‘ইফ ট্রাবল ওয়াজ মানি’ গানটিও শোনান তাঁরা।|
এরপরই স্যাক্সোফোন নিয়ে মঞ্চে আসে ব্রাজিলের ব্যান্ডদল এসড্রাস নোগুয়েরা কোয়ার্টেট। জানিয়ে দেয় বিনা মূল্যে তাদের গানগুলো ডাউনলোড করে নেওয়া যাবে তাদের ওয়েবসাইট থেকে। ব্রাজিলিয়ান এই জ্যাজ শুনতে কোনো অর্থ ব্যয় করতে হবে না। স্যাক্সোফোনের নেপথ্যে ড্রাম ও গিটার দিয়ে বাজনা শুরু করল দলটি। শুরুতেই সুরের ধরনটা ধরতে পারলেন না দর্শকেরা। ঠিক পরেরবার সুর অনুসরণ করে অনেককেই তালে তালে নাচতে দেখা গেল।
শেষ দিনের আসরের শুরুতে দর্শক উপস্থিতি ছিল বেশ কম। রাত বাড়তে শুরু করলে বাড়তে শুরু করে সংগীতানুরাগী দর্শক-শ্রোতা। মাঝরাত পর্যন্ত পশ্চিমা
সুরের সঙ্গে একটু নেচে, একটু আনন্দ করে নিতে পারাটা উপভোগই করলেন তাঁরা। এই রাতে অনুপস্থিত থাকলে পরের উৎসবের জন্য অপেক্ষা করতে হবে এক বছর। দল বেঁধে আড্ডা দেওয়া রিপন, তানভীর, সোনিয়ার কাছে তাঁদের ব্লুজপ্রীতির কথা জানতে চাইলে তাঁরা বলেন, ‘ব্লুজটা শোনা হয়। জ্যাজ ভালো লাগে কিন্তু অভ্যস্ত নই।’ তাঁদের প্রত্যাশা, নতুন এই সংগীতঘরানায় ধীরে ধীরে অভ্যস্ত হয়ে পড়বে ঢাকার শ্রোতারা। তবে তাঁরা এও বিশ্বাস করেন, ঢাকায় জ্যাজ গানের ভক্ত-শ্রোতা রয়েছে অনেক।
এই আসরে গান করার কথা রয়েছে বাংলাদেশের ব্যান্ডদল এবি ব্লুজের। আর শেষ রাতের আকর্ষণ আমেরিকান শিল্পী চায়না মোজেজ। সুদূর ফরাসি দেশ থেকে উড়ে এসেছেন এই শিল্পী। সেখানেই বাস করছেন দীর্ঘদিন। মাত্র ১৮ বছর বয়সে নিজের প্রথম গানের অ্যালবাম ও ভিডিও প্রকাশ করে হইচই ফেলে দেন তিনি। আর এই ধারা অব্যাহত রাখেন পরের অ্যালবামগুলোতে।