শেষবার গাইল ব্ল্যাক স্যাবাথ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্ল্যাক স্যাবাথ ব্যান্ডের সদস্যরা
ব্ল্যাক স্যাবাথ ব্যান্ডের সদস্যরা

ইংল্যান্ডের বার্মিংহামে কনসার্টের মধ্য দিয়ে শেষবার মঞ্চে গান করল হেভিমেটাল ব্যান্ড ব্ল্যাক স্যাবাথ। এর মধ্য দিয়ে দলটি তাদের ৪৯ বছরের যাত্রা শেষ করল। চার ঘণ্টা লম্বা এই কনসার্টটি হয় বার্মিংহামের এনইসি এরিনায়। সেই রাতে ১৫টি গান শোনায় দলটি এবং তাদের সংগীতজীবনের প্রথম সফল গান ‘প্যারানয়েড’ দিয়ে শেষ করে কনসার্ট। সেই গানটি ব্ল্যাক স্যাবাথের ফেসবুক পেজে সরাসরি দেখানো হয়।
গত বছরের জানুয়ারিতেই নিজেদের গানের দলের এই শেষ যাত্রার ঘোষণা দেন ব্ল্যাক স্যাবাথ ব্যান্ডের সদস্যরা। ‘দ্য এন্ড ট্যুর’ নামের সেই যাত্রা শুরু হয় গত বছর থেকে। এক বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে ৮১টি কনসার্ট করে তারা।

পর্দায় ‘দ্য এন্ড’ ভেসে ওঠার সঙ্গে সঙ্গে শেষ হয় ব্ল্যাক স্যাবাথের শেষ কনসার্ট
পর্দায় ‘দ্য এন্ড’ ভেসে ওঠার সঙ্গে সঙ্গে শেষ হয় ব্ল্যাক স্যাবাথের শেষ কনসার্ট


১৯৬৮ সালে অজি অসবর্ন, টনি ইয়োমি, গিজার বাটলার ও বিল ওয়ার্ড মিলে তৈরি করেন ব্ল্যাক স্যাবাথ ব্যান্ড। ১৯৭৭ সালে অসবর্ন দলটি ছেড়ে দিলে তাঁর জায়গায় যোগ দেন রনি জেমস ডিও। এরপর সেই লাইনআপ নিয়েই ১৯৯৭ সাল পর্যন্ত বিশ্বকে হেভিমেটাল গান দিয়ে বেঁধে রাখেন তাঁরা।
কনসার্টের শেষ গান ‘প্যারানয়েড’ গাওয়ার পর দর্শকদের অনেকের চোখই ভিজে আসে। ৬৮ বছর বয়সী অজি অসবর্ন বিদায় নেওয়ার আগে ভক্তদের উদ্দেশে শেষবার বলেন, ‘ধন্যবাদ। শুভরাত্রি। অনেক অনেক ধন্যবাদ সবাইকে।’ এরপর হাত উঁচিয়ে বিদায় জানাতে জানাতে একে একে দলের সবাই মঞ্চ থেকে বেরিয়ে যান। বিবিসি।