শোক মিছিলে বাজছিল সন্ধ্যার গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্ধ্যা মুখোপাধ্যায়ের মরদেহ নিয়ে শোক মিছিল। ছবি: ভাস্কর মুখার্জি

হাজারো মানুষের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে বিদায় জানানো হলো গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে। আজ দুপুর ১২টায় শেষ শ্রদ্ধা জানানোর জন্য তাঁর মরদেহ আনা হয়েছিল কলকাতার রবীন্দ্র সদনে। সেখানে হাজারো মানুষ এই শিল্পীকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
গতকাল সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বেসরকারি হাসপাতাল অ্যাপোলোতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর মরদেহ কলকাতার হিমঘর পিস ওয়ার্ল্ডে রাখা হয়েছিল। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে সফর করার সময় সন্ধ্যা মুখোপাধ্যায়ের মৃত্যুর সংবাদ পান। এরপর তিনি তাঁর সফরকে কাটছাঁট করে আজ বিকেলেই ফিরে আসেন কলকাতায়। যোগ দেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের শোক মিছিলে। শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠানে ছিল উপচে পড়া ভিড়।

সন্ধ্যা মুখোপাধ্যায়কে রবীন্দ্র সদনে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদন। ছবি: ভাস্কর মুখার্জি

মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ থেকে সরাসরি রবীন্দ্র সদনে এসে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। এরপর বিকেলে শিল্পীর মরদেহ নিয়ে আয়োজিত শোক মিছিলে অংশ নেন মমতা। প্রায় ৩ কিলোমিটার পথ হেঁটে তিনি শিল্পীর মরদেহের সঙ্গে কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছান। সে সময় শোক মিছিলে বাজছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান।
গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে গান ও স্যালুটের মাধ্যমে পূর্ণ মর্যাদায় শেষ বিদায় জানানো হয়। বেজে ওঠে বিউগলের করুণ সুর। উপস্থিত ছিলেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের ভক্ত আর আত্মীয়স্বজন। ছিলেন তাঁর মেয়েসহ পরিজনেরা। তারপর ধর্মীয় রীতি সম্পন্ন করে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়।