
প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী কিশোরী আমনকার গত সোমবার রাতে মারা গেছেন। শারীরিকভাবে তিনি অসুস্থ ছিলেন। রাতের খাবার খাওয়ার পর সাড়ে নয়টায় ঘুমাতে যান। ঘুমের মধ্যেই মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। জন্ম ১৯৩২ সালের ১০ এপ্রিল। ছিলেন শাস্ত্রীয় সংগীতের অন্যতম কণ্ঠস্বর, জয়পুর-আত্রৌলি ঘরানার অনন্য নজির। সমকালের শিল্পীরা তাঁকে উপাধি দিয়েছিলেন ‘গান-সরস্বতী’।
কিশোরী আমনকারের মা মোগুবাই কুর্দিকারও ছিলেন বিখ্যাত শাস্ত্রীয় সংগীতশিল্পী। মায়ের হাতে সংগীতের হাতেখড়ি হয় কিশোরীর। এরপর শাস্ত্রীয় সংগীতে তৈরি করেন নিজস্ব ধারা। ১৯৮৭ সালে তিনি পদ্মভূষণ এবং ২০০২ সালে পদ্মবিভূষণ পদক পান। ২০১৪ সালে বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসবে অংশ নিতে এসেছিলেন বাংলাদেশে। তাঁর মৃত্যুর পর শোকাহত ভারতের সংগীত ও চলচ্চিত্রাঙ্গনের তারকারা। শোকাহত বাংলাদেশের সংগীতপ্রেমীরাও।
লতা মঙ্গেশকর: আমি মাত্রই জানতে পারলাম মহান শাস্ত্রীয় সংগীতশিল্পী কিশোরী আমনকার স্বর্গে চলে গেছেন। এ খবর শুনে আমার অনেক দুঃখ হচ্ছে। তিনি ছিলেন একজন অসাধারণ শিল্পী। তাঁর প্রস্থানের পর শাস্ত্রীয় সংগীতের অনেক বড় ক্ষতি হয়ে গেল। ঈশ্বর তাঁর আত্মাকে শান্তি দিন।
শাবানা আজমি: কী বিশাল ক্ষতি। আমি তাঁর বড় ভক্ত। আমি সৌভাগ্যবান যে তাঁর সময়ে বেঁচে ছিলাম, তাঁর গান শুনেছিলাম।
অনুপম খের: কয়েকবার কিশোরী আমনকারজিকে শোনার সৌভাগ্য হয়েছিল। তাঁর গায়কি ছিল বিস্ময়করভাবে আত্মার কাছাকাছি।
শংকর মহাদেবান: বিখ্যাত কিশোরী আমনকার আর নেই। হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের জন্য এ এক বড় ক্ষতি। তাঁর সংগীত চিরকাল বেঁচে থাকবে।
মধুর ভান্ডারকর: হিন্দুস্তানি শাস্ত্রীয় সংগীতের শীর্ষ এই শিল্পীর চলে যাওয়া সত্যিই দুঃখের। তাঁর সংগীতই তাঁকে অমর করে রাখবে।
শ্রেয়া ঘোষাল: কিশোরী আমনকারজি আর নেই। তিনি ছিলেন আমার অন্যতম বড় একজন অনুপ্রেরণাদায়ী। ছোটবেলা থেকেই তাঁর কণ্ঠ এবং মধুর গায়কি আমার জীবনের অংশ ছিল।
কৈলাস খের: শাস্ত্রীয় সংগীতের বিখ্যাত শিল্পী স্বর্গে যেতে এ ধরা থেকে বিদায় নিলেন। তিনি ছিলেন সংগীতের একটি প্রতিষ্ঠান।
সেলিম মার্চেন্ট: কিশোরী আমনকারজি চলে গেলেন। তাঁর সংগীত অমর। প্রজন্ম থেকে প্রজন্ম তাঁর গানে প্রভাবিত হবে।
বিশাল দাদলানি: শান্তিতে ঘুমান কিশোরী আমনকারজি। তাঁর সংগীতের আলো ছাড়া বিশ্বসংগীত থাকবে অনুজ্জ্বল।